গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২

আপডেট : ০৩ জুন ২০২০, ২২:০৪

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর গজারিয়াপাড়া এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দুই জনকে আটক করেছে র্যাব-১-এর সদস্যরা। মঙ্গলবার ভোরে তাদের ঐ এলাকা থেকে আটক করা হয়। এরা হচ্ছে—মো. সহিদ (৩৫) ও মো. মতিউর রহমান (২৫)। তারা গজারিয়াপাড়া এলাকার কবির মার্কেটের মহরম মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

র্যাব-১-এর গাজীপুরের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, গজারিয়াপাড়া এলাকায় কিছুসংখ্যক দুষ্কৃতকারী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন খবরের ভিত্তিতে ঐ এলাকার হামিদিয়া দাখিল মাদ্রাসার অফিস কক্ষের সামনে থেকে ঐ দুইজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ছুরি, দুইটি হাসুয়া, একটি রড কাটার মেশিন, দুইটি রড ব্রেকার, ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র্যাবের ঐ কর্মকর্তা আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে যে, তারা একটি সংঘবদ্ধ ডাকাতি দলের সক্রিয় সদস্য। গাজীপুরসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মোটরসাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে তারা টাকাপয়সা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি লুট করে থাকে।