পরিস্থিতি স্বাভাবিক হলেই ৩৮তম বিসিএসের ফল

আপডেট : ০৩ জুন ২০২০, ২২:২০

৩৮তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশের দীর্ঘসূত্রতা নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ-উত্কণ্ঠা থাকলেও বিদ্যমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন স্বয়ং সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সাংবিধানিক প্রতিষ্ঠানটি জানিয়েছে, করোনা ভাইরাস সবকিছুই অস্বাভাবিক করে দিয়েছে। তবে পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই স্বল্প সময়ের ব্যবধানে ফলাফল প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশের জন্য কমিশন থেকে একটি সাব-কমিটি করা হয়েছে। কমিটি মিটিংও করেছে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে ফল প্রকাশের প্রস্তুতি চলছে।

যদিও করোনা ভাইরাসের প্রকোপ না থাকলে গত এপ্রিলের প্রথমেই ফলাফল প্রকাশ করার সব প্রস্তুতি ছিল পিএসসির। কিন্তু বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ভয়ংকর করোনা ভাইরাসের থাবায় প্রতিটি রাষ্ট্রের সবকিছুই স্থবির হয়ে গেছে। সরকারের পাশাপাশি পিএসসির কার্যক্রম মারাত্মকভাবে ব্যাঘাত ঘটেছে। শুধু ৩৮তম বিসিএস নয়, ৪০ এবং ৪১তম বিসিএসের কার্যক্রমও আটকে যায়। পরীক্ষার্থীরা বলছেন, আগামী ১৯ জুন ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি জারির তিন বছর অতিক্রান্ত হবে। কিন্তু এখনো পর্যন্ত ফলাফল প্রকাশের সুনির্দিষ্ট খবর নেই।

৩৮তম বিসিএসের শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করার জন্য দুই জন পরীক্ষক কর্তৃক খাতা মূল্যায়ন ব্যবস্থা চালু করে পিএসসি। মূলত দুই জনের মধ্যে নম্বরের হেরফের হলে তৃতীয় পরীক্ষক কর্তৃক খাতা মূল্যায়নে সময়ক্ষেপণ হয়।

দীর্ঘসূত্রতার কারণ হিসাবে পিএসসি বলছে, তৃতীয় পরীক্ষক কর্তৃক খাতা মূল্যায়ন, বাংলা এবং ইংরেজিতে প্রশ্নপত্র প্রস্তুত, অধিক স্বচ্ছতার জন্য ১২ পরীক্ষার্থী নিয়ে ভাইভা বোর্ড গঠন, ৩৮তম বিসিএসের মধ্যে ৩৯তম বিশেষ বিসিএস থেকে ৭ হাজার চিকিত্সক নিয়োগ, ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা সম্পন্ন করা এবং ২ লাখ সহকারী শিক্ষকের পরীক্ষা গ্রহণের কারণে ফলাফল প্রকাশে বিলম্ব হয়।

দ্রুত ফলাফল প্রকাশের বিষয়ে পিএসসির সর্বোচ্চ সদিচ্ছা রয়েছে বলে জানিয়েছেন সাব-কমিটির একজন সদস্য। তিনি বলেন, বিসিএসের ফলাফল প্রস্তুত করতে হয় সুর্নিদিষ্ট একটি কক্ষে বসে। বিদ্যমান পরিস্থিতিতে এক সঙ্গে বসে পিএসসির বয়োজ্যেষ্ঠ সদস্যদের নিয়ে কাজ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ঐ সদস্য আরো বলেন, বিলম্বের কারণে ৩৮তম বিসিএসে পদসংখ্যাও বাড়তে পারে।

৩৮তম বিসিএসের ফলাফল প্রকাশের বিষয়ে জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক ইত্তেফাককে বলেন, ‘করোনা শুধু জাতীয় নয়, এটি বৈশ্বিক সংকট তৈরি করেছে। এই বাস্তবতা সবাইকে মানতে হবে। আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। ৩৮তম বিসিএসের ফলাফল প্রকাশ পিএসসির কাজের মধ্যে অন্যতম। আশা করছি পরিস্থিতি একটু ভালো হলে দ্রুত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করতে পারব।

গত বছরের ২৯ জুলাই থেকে ৩৮তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয়। গত বছরের ১ জুলাই ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করে পিএসসি। এতে পাশ করেন ৯ হাজার ৮৬২ জন। ৩৮তম বিসিএসের মাধ্যমে জনপ্রশাসনে ২ হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করার কথা ছিল। তবে এখন এই বিসিএসে অতিরিক্ত আরো ৩৭৬ জন বেশি নিয়োগ পাবেন।