মানিকগঞ্জ প্রতিনিধি
করোনা প্রাদুর্ভাবের মধ্যে মানিকগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিকট অতীতের যে কোনো সময়ের চেয়ে স্বাভাবিক থাকলেও স্বস্তিতে নেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বরং বিরামহীনভাবে চলছে তাদের কর্মযজ্ঞ। দেশের এমন সংকটময় মুহূর্তে গতানুগতিক আইনশৃঙ্খলা রক্ষার পরিবর্তে তারা সামাজিক দূরত্ব ও কোয়ারেন্টাইন নিশ্চিতসহ মানবিক নানা কর্মকাণ্ডে ব্যস্ত রেখেছেন নিজেদেরকে। আপনি ঘরে থাকুন, সচেতন থাকুন, নিজে বাঁচুন-পরিবার বাঁচান, দেশ বাঁচান। মাইক হাতে নিয়ে শহর থেকে শুরু করে গ্রামাঞ্চলে গিয়ে এভাবেই মানুষকে সচেতন করার চেষ্টা করছে জেলা পুলিশ বাহিনীর সদস্যরা।
জেলা পুলিশ সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে গঠন করা হয় মেডিক্যাল টিম। মেডিক্যাল টিম সার্বক্ষণিক পুলিশ সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে মনিটরিং করছে। সরকারি মোবাইলে অনেকেই জরুরি ওষুধ বা খাদ্যসামগ্রী সহায়তা চাইলে, তাদের নাম-ঠিকানা গোপন রেখে দ্রুত ওষুধ ও খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
