জনপ্রতিনিধিরা সক্রিয় ছিলেন বলেই খাদ্যের অভাব হয়নি

আপডেট : ০৩ জুন ২০২০, ২২:২৩

 ‘বিয়ন্ড দ্য প্যানডেমিক’ শীর্ষক ভার্চুয়াল আলোচনায় বক্তারা

বিশেষ প্রতিনিধি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, করোনা ভাইরাস মহামারির মধ্যে সরকারের পাশাপাশি আওয়ামী লীগের জনপ্রতিনিধিরা সার্বক্ষণিক খোঁজখবর রাখায় দেশের কোথাও খাদ্যের অভাব হয়নি। মঙ্গলবার রাতে ‘বিয়ন্ড দ্য প্যানডেমিক’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানের চতুর্থ পর্বে যোগ দিয়ে তিনি বলেন, সরকারের পাশাপাশি বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগের জনপ্রতিনিধিরা প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় পর্যন্ত মানুষের পাশে আছে। আমরা খাদ্য ও নগদ অর্থ সহায়তা দিয়ে যাচ্ছি। কৃষকের ধানকাটা থেকে শুরু করে হাসপাতালে রোগীদের সেবা দেওয়া হচ্ছে। কর্মহীন ও অসহায় মানুষের পাশে থেকে দলীয় জনপ্রতিনিধিরা সার্বক্ষণিক খোঁজখবর রেখেছেন, খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। আর এ কারণেই দেশের কোথাও খাদ্যের অভাব হয়নি।

ইন্টারনেটে সম্প্রচারিত এ অনুষ্ঠানের এবারের পর্বের বিষয়বস্তু ছিল: ‘করোনা সংকটে জনপ্রতিনিধিদের করণীয়’। সঞ্চালনায় ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলি ফরহাদ। মাহবুব-উল-আলম হানিফ ছাড়াও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নুর লিপি এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা আলোচনায় যুক্ত হন।

এস এম কামাল হোসেন বলেন, সরকারি ত্রাণের বাইরে তাদের দলীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা ৯০ লাখ ২৫ হাজার ৩২৭টি পরিবারকে সহায়তা দিয়েছেন। নগদ টাকা দিয়েছেন প্রায় ৯ কোটি, যা এরই মধ্যে বিতরণ করা হয়েছে। এটা সরকারের সহায়তার বাইরে। ত্রাণ বিতরণে অনিয়মের সঙ্গে স্থানীয় সরকারের যেসব জনপ্রতিনিধির নাম এসেছে, তাদের বিষয়ে আওয়ামী লীগ দলীয়ভাবে কী ব্যবস্থা নিয়েছে তা জানতে চাওয়া হয়েছিল আলোচনায়। এর উত্তরে কামাল হোসেন বলেন, দেশে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের সদস্য পর্যন্ত নির্বাচিত জনপ্রতিনিধি আছেন ৬১ হাজার ৫৭৯ জন। এ পর্যন্ত ৭২ জন জনপ্রতিনিধি অনিয়ম করেছেন, যা ০.১৩ শতাংশ। যারা এই অসত্ কাজগুলো করেছেন তাদের বিরুদ্ধে সরকারের পাশাপাশি দল ব্যবস্থা নিয়েছে।

সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, প্রান্তিকের অনিয়মের খবর যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হয়, তখন বড়ো ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়। নরসিংদীর এক মেম্বারের মামলার খবর যখন সাধারণ মানুষ শেয়ার করছে, তখন মনে হয় নরসিংদী জেলায় বিরাট চুরি হয়ে গেছে। বিষয়টা কিন্তু তা না। অ্যাকশন-রিঅ্যাকশনগুলো চিন্তাভাবনা করার ব্যাপার আছে। তিনি তৃণমূলে ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য একটি সংসদীয় কমিটি গঠনের সুপারিশ করেন এই আলোচনায়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, উপজেলা ও ইউনিয়ন জনপ্রতিনিধি এবং তাদের সহযোগীরা জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে এসেছেন। আমলাতন্ত্র ও রাজনৈতিক কাঠামোর সমন্বয় না হলে কার্যক্রম সফল হতো না। কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নুর লিপি এই আলোচনায় অংশ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্তদের প্রতি সদয় হতে আহ্বান জানান।