সাদের ওপর হামলা

আপডেট : ০৩ জুন ২০২০, ২২:৩৮

জাতীয় পার্টির (জাপা) প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদের ছেলে ও সংসদ সদস্য রাহগির আল মাহির (সাদ এরশাদ) ওপর হামলার চেষ্টার ঘটনায় নতুন মোড় নিয়েছে রংপুরে জাপার রাজনীতিতে। সাদ এরশাদ অভিযোগ করে বলেছেন, ‘রংপুরের উন্নয়ন বাধাগ্রস্ত করতে দলের সুবিধাবাদী নেতাকর্মীরা পরিকল্পিতভাবে আমার ওপর হামলা চালিয়েছে। বাবা এরশাদের সুনাম ক্ষুণ্ন করতে তারা মরিয়া হয়ে উঠেছে।’ অন্যদিকে, হামলার অভিযোগে মঙ্গলবার রাতে আটককৃত স্থানীয় জাপা নেতা টিপু সুলতানকে ২৪ ঘণ্টার মধ্যে ছেড়ে দিতে আলটিমেটাম দিয়েছেন রংপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর জাপার সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা।

ডিও লেটারে (চাহিদাপত্র) স্বাক্ষর না করায় রংপুর-৩ আসনের এমপি সাদ এরশাদের ওপর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর দর্শনা এলাকার পল্লীনিবাসে হামলার চেষ্টার অভিযোগ ওঠে। এ ঘটনায় রংপুর সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ড জাপার সাধারণ সম্পাদক টিপু সুলতানকে আটক করে নিয়ে যায় পুলিশ।

জানা গেছে, এমপি সাদের সঙ্গে ঈদশুভেচ্ছা বিনিময় করতে মঙ্গলবার প্রয়াত এরশাদের বাসভবন পল্লীনিবাসে যান টিপু সুলতানসহ জাপার স্থানীয় নেতাকর্মীরা। এসময় সাদকে উদ্দেশ্য করে টিপু সুলতান একটি ডিও লেটারে স্বাক্ষর না করায় ক্ষোভ প্রকাশ করে বক্তব্য দেন। সাদকে গালাগালও করেন টিপু। এতে সাদের সহযোগীরা ক্ষিপ্ত হয়ে উঠলে দুই গ্রপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও চেয়ার-টেবিল ভাঙচুরের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে টিপুকে আটক করে থানায় নিয়ে যায়। তাকে আটকের ঘটনায় বিক্ষুব্ধরা  মধ্যরাত পর্যন্ত পল্লীনিবাসের সামনে বিক্ষোভ করেন। খবর পেয়ে সেখানে ছুটে যান মেয়র মোস্তফাও।

গতকাল বুধবার পল্লীনিবাসে সংবাদ সম্মেলনে সাদ বলেন, ঈদের পর মঙ্গলবার সন্ধ্যায় নেতাকর্মীদের নিয়ে বৈঠক করছিলাম। সেখানে ভুয়া প্রকল্পের ডিও লেটারে স্বাক্ষর না দেওয়ায় আমাকে ও আমার স্ত্রীকে অশ্লীল ভাষায় গালিগালাজ এবং ভয়ভীতি দেখিয়ে লাঞ্ছিত করা হয়। এ সময় নিজের জীবনের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন এরশাদপুত্র।

এদিকে, ঘটনার সুষ্ঠু তদন্ত দাবিসহ আটক টিপুকে ছেড়ে দিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে মেয়র মোস্তফা গতকাল পৃথক সংবাদ সম্মেলনে বলেছেন, বহিরাগতদের নিয়ে রংপুরে রাজনীতি করছেন সাদ। টিপুকে অন্যায়ভাবে মারধরের পর পুলিশে সোপর্দ করা হয়েছে। দ্রুত এ ঘটনার সুরাহা না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন জাপা নেতা মোস্তফা। এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রোকনুজ্জামান স্থানীয় সাংবাদিকদের জানান, উদ্ভূত পরিস্থিতিতে জিজ্ঞাসাবাদের জন্য টিপু সুলতানকে থানায় নিয়ে আসা হয়েছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।­