করোনা উপসর্গ নিয়ে আরো ৯ জনের মৃত্যু

আপডেট : ০৩ জুন ২০২০, ২২:৩৮

করোনা উপসর্গ নিয়ে আরো ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে ঢাকার দোহার-নবাবগঞ্জে তিন জন, বরিশালে দুই জন, নোয়াখালীর সেনবাগে এক জন, চাঁদপুরের হাজীগঞ্জে দুই জন এবং মানিকগঞ্জের ঘিওরে এক মুক্তিযোদ্ধা মারা গেছেন। 

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা জানান, ঢাকার দোহার উপজেলায় করোনা উপসর্গ নিয়ে মো. নূরুল ইসলাম (৬৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে জানাজা শেষে ঘোনা কবরস্থানে তার দাফন সম্পন্ন করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশের দোহার শাখা স্বেচ্ছাসেবক টিম। মৃত ব্যক্তি দোহার উপজেলার ঘোনা গ্রামের বাসিন্দা। জয়পাড়া বাজারে তার একটি জুতার দোকান ছিল। দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিম উদ্দিন জানান, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়েছে।

অন্যদিকে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় করোনার উপসর্গ নিয়ে দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। এদের এক জনের (৬৭) বাড়ি উপজেলার বাহ্রা ইউনিয়নের বলমন্তচর গ্রামে এবং অপরজনের (৬০) বাড়ি শোল্লা ইউনিয়নের সিংহড়া নয়াবাড়িতে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বরিশাল অফিস জানায়, বরিশালের উজিরপুর উপজেলার হস্তিশুন্ড গ্রামে করোনার উপসর্গ নিয়ে এক গৃহবধূর (৩০) মৃত্যু হয়েছে। মৃতের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মঙ্গলবার রাতে ল্যাবে পাঠানো হয়েছে। অপরদিকে গত ১ মে ঢাকা থেকে গৌরনদী উপজেলার চন্দ্রহার গ্রামের বাড়িতে এসে করোনার উপসর্গ নিয়ে বুধবার সকালে পরলোকগমন করেন এক গার্মেন্টস কর্মী।

হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা জানান, হাজীগঞ্জ উপজেলার ৮ নম্বর হাটিলা পূর্ব ইউনিয়নের বলিয়া গ্রামে মঙ্গলবার রাতে করোনা উপসর্গ নিয়ে মুজিবুর রহমান (৬০) ও জাহাঙ্গীর                  আলম (৫৫) নামে দুই জন মারা গেছেন। দুই জনেরই এক সপ্তাহ ধরে জ্বর ছিল। তাদের দেহের নমুনা সংগ্রহ করা হয়েছে। দাফন সম্পন্ন হয়েছে। তবে মৃতদের দাফনকারী দলের সদস্যদের পিপিইসহ বিভিন্ন সরঞ্জামের সংকট দেখা দেয়।

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা জানান, নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের উত্তর সাহাপুর গ্রামের জামে মসজিদের কোষাধ্যক্ষ মাহমুদুল আদম (৫৩) গতকাল বুধবার সকালে জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে নিজ বাড়িতে মারা গেছেন।

ঘিওরে মুক্তিযোদ্ধার মৃত্যু

ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা জানান, মানিকগঞ্জ জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন মুক্তিযোদ্ধা সফিউদ্দিন (৭৪)। বুধবার দুপুরে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশাদ উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মুক্তিযোদ্ধা সফিউদ্দিন জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত মঙ্গলবার বিকালে হাসপাতালে ভর্তি হন। বুধবার ভোর সাড়ে ৪টায় তিনি মারা যান। তার দেহের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সাভার প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

মুক্তিযোদ্ধা সফিউদ্দিনের বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার বন্যা গ্রামে। মুক্তিযুদ্ধকালে তিনি ১১ নম্বর সেক্টরের অধীন সিরাজগঞ্জের চৌহালি উপজেলা কমান্ডার ছিলেন।