আবারও ৩৭ জনের মৃত্যু নতুন শনাক্ত ২৬৯৫

আপডেট : ০৩ জুন ২০২০, ২২:৪১

এক দিনে আরো ৩৭ জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৪৬ জন। এ নিয়ে টানা দুই দিন ৩৭ জন করে মারা গেলেন। গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরো ২ হাজার ৬৯৫ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। তাতে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ১৪০ জন। সারাদেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন আরো ৪৭০ জন। সব মিলে এ পর্যন্ত মোট ১১ হাজার ৫৯০ জন সুস্থ হয়ে উঠলেন। নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বুধবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এ সবশেষ তথ্য তুলে ধরেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য চিকিত্সক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, করোনা পরিস্থিতি সাত থেকে আট দিন দেখা হবে। এরপর অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে। কঠোর লকডাউন ছাড়া নিয়ন্ত্রণ সম্ভব হবে না। বিশেষজ্ঞদের প্রায় সবাই এ অভিমত ব্যক্ত করেন।

ডা. নাসিমা সুলতানা বলেন, গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ২৮ জন পুরুষ, ৯ জন নারী। এর মধ্যে ৩১ জন হাসপাতালে, পাঁচ জন বাড়িতে মারা গেছেন। এক জনকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল। এই ৩৭ জনের মধ্যে ৪ জনের বয়স ছিল ৭০ বছরের বেশি। এছাড়া ১২ জনের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে, ১২ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, পাঁচ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, তিন জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এবং এক জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছিল। এরমধ্যে ১৯ জন ঢাকা বিভাগের, ১৩ জন চট্টগ্রাম বিভা?গের, দুই জন রংপুর বিভাগের এবং এক জন করে সিলেট ও খুলনা বিভাগের। বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ৫০টি পরীক্ষাগারে ১২ হাজার ৫১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ৫৪ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ০২ শতাংশ, মৃত্যুর   হার ১ দশমিক ৩৫ শতাংশ।

মঙ্গলবার মোট ৫২টি ল্যাবে নমুনা পরীক্ষা হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে আর করোনা ভাইরাস পরীক্ষা করা হবে না। এছাড়া কারিগরি ত্রুটির কারণে জামালপুরের শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা আপাতত বন্ধ রয়েছে বলে নাসিমা সুলতানা জানান। তিনি বলেন, রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিকে ২ হাজার শয্যার করোনা হাসপাতালে রূপান্তর করা হয়েছে। এ হাসপাতালে সেবা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে আনা হয়েছে ৩৯৫ জনকে। বর্তমানে সারাদেশে আইসোলেশনে রয়েছেন ৬ হাজার ৪৯৮ জন রোগী। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১৩৭ জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন ৩ হাজার ৫৩৬ জন। ডা. নাসিমা সুলতানা বলেন, দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়ছে ৩ লাখ ৪৫ হাজার ৫৮৩টি।

মঙ্গলবারের বুলেটিনে জানানো হয়, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৭ জন মারা গেছেন। ১২ হাজার ৭০৪টি নমুনা পরীক্ষায় করোনার উপস্থিতি পাওয়া গেছে আরো ২ হাজার ৯১১ জনের দেহে, যা এক দিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। সে হিসাবে আগের ২৪ ঘণ্টার তুলনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু সমানসংখ্যক থাকলেও কমেছে শনাক্ত রোগীর সংখ্যা। এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড আছে ৪০ জনের। সেটি জানানো হয় ৩১ মের বুলেটিনে। গত ২৪ ঘণ্টায় হোম ও প্রাতিষ্ঠানিক মিলিয়ে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ২ হাজার ৪২৮ জনকে। এ পর্যন্ত কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ২ লাখ ৯২ হাজার ৮১৩ জনকে। গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন ৩ হাজার ১৪৫ জন। এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ২ লাখ ৩৪ হাজার ৯৮৫ জন। বর্তমানে হোম ও প্রাতিষ্ঠানিক মিলিয়ে কোয়ারেন্টাইনে রয়েছেন ৫৭ হাজার ৮২৮ জন। দেশের ৬৪ জেলা-উপজেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য ৬২৯টি প্রতিষ্ঠান প্রস্তুত রয়েছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে তাত্ক্ষণিক সেবা দেওয়া যাবে ৩১ হাজার ৯৯১ জনকে। ডা. নাসিমা সুলতানা বলেন, করোনা ভাইরাস প্রতিরোধ করা সম্ভব মাস্ক ব্যবহার করলে। ঘরে তৈরি কাপড়ের মাস্ক বৈজ্ঞানিকভাবে স্বাস্থ্যসম্মত। এক্ষেত্রে বলা যায়, মাস্কের পেছনে এক টাকা খরচ করলে আমরা ১ হাজার টাকার উপকার পাব।

করোনায় প্রথম রাজস্ব কর্মকর্তার মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত এক রাজস্ব কর্মকর্তা চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। জসীম উদ্দিন মজুমদার নামের এই কর্মকর্তা চট্টগ্রাম কাস্টমস হাউজের সুপারিনটেনডেন্ট ছিলেন। মঙ্গলবার রাত ২টা ৫ মিনিটে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে আইসিইউতে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। এই প্রথম জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কোনো কর্মকর্তা কোভিড-১৯ এ মারা গেলেন। ৫৫ বছর বয়সি জসীম উদ্দিন স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার স্ত্রী ও ছেলেও করোনা ভাইরাসে আক্রান্ত। সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত এনবিআরের বিভিন্ন স্তরের ৩৮ জন কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।