গতকাল মঙ্গলবার থেকে গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলায় চারদিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে।
গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুরে চার দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। মঙ্গলবার শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে গাজীপুর কর অঞ্চলের আয়োজনে এ আয়কর মেলা শুরু হয়। সকালে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন। গাজীপুর কর অঞ্চলের কর-কমিশনার মোঃ আলী আজগরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিঞা, কমিশনার কাস্টমস মিজ্ জাকিয়া সুলতানা, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমান, গাজীপুর ট্যাক্সেস বার এসোসিয়েশনের সভাপতি মোঃ আহসান উল্লাহ অন্তু, গাজীপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মোঃ আনোয়ার সাদাত সরকার প্রমুখ।
গাজীপুর কর কমিশনার কার্যালয়ের ইন্সপেক্টর অব ট্যাক্সেস খাইরুল ইসলাম জানান, গাজীপুর ও টাঙ্গাইল জেলার অন্তর্গত নাগরিকদের সুবিধার জন্যে আগামী ১৬ নভেন্বর পর্যন্ত এ আয়কর মেলা অনুষ্ঠিত হবে। এতে ইটিআইএন রেজিস্ট্রেশন, ব্যাংকের বুথের মাধ্যমে আয়কর জমা দেওয়ার সুযোগসহ করদাতার জন্য আলাদা বুথের ব্যবস্থা রাখা হয়েছে।
না’গঞ্জ আয়কর মেলায় সাতশ কোটি টাকার টার্গেট
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ জানান, ৭শ ৬ কোটি টাকার টার্গেট নিয়ে কর অঞ্চল- নারায়ণগঞ্জের ‘আয়কর মেলা ২০১৮’ এর উদ্বোধন করা হয়েছে। ফতুল্লায় ‘আমন্ত্রণ কনভেনশন সেন্টারে’ এ মেলার আয়োজন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে কর অঞ্চল-নারায়ণগঞ্জের কর কমিশনার রনজিত কুমার সাহা বেলুন ও পায়রা উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সেলিম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম, এফবিসিসিআই এর পরিচালক প্রবীর কুমার সাহা এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজলসহ আরো অনেকে। এর আগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কর অঞ্চল-নারায়ণগঞ্জের কর কমিশনার রনজিত কুমার সাহা বলেন, ২০১২ সালে যখন এই কর মেলা শুরু হয়, তখন আমাদের কর সংগ্রহ হয়েছিল মাত্র ৯৭ কোটি টাকা। গত অর্থ বছরে আমরা সংগ্রহ করেছি ৪শ ৬ কোটি টাকা এবং এবছর আমাদের টার্গেট দেওয়া হয়েছে ৭শ ৬ কোটি টাকা। এ সময় তিনি ব্যবসায়ীদের সঠিক আয়কর প্রদানের আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সেলিম রেজা বলেন, আমরা সঠিকভাবে কর প্রদান করি, তাহলে ২০৪১ সালের পূর্বেই বাংলাদেশ উন্নত দেশের কাতারে পৌঁছতে পারবে।
প্রথম দিনই মেলা প্রাঙ্গণে করদাতাদের ভিড় লক্ষ্য করা গেছে। এবারের মেলায় করদাতারা আয়কর রিটার্ন পূরণ করে জমা দেওয়া ও প্রযোজ্য কর পরিশোধ করতে পারবেন। নতুন করে নিবন্ধিত হয়ে কর শনাক্তকরণ নম্বর (ই-টিআইএন) নেওয়াসহ সব ধরনের কর সেবা নিতে পারবেন। মেলায় আয়কর বিভাগের ১৮টি বুথসহ সোনালী ও জনতা ব্যাংকের ২টি বুথ, কাস্টমস বিভাগের ১টি, সঞ্চয় পত্র বিভাগের ১টি বুথ রয়েছে। ১৩ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত এ মেলা চলবে। খোলা থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। এছাড়াও ১৫ নভেম্বর রূপগঞ্জ ও সোনারগাঁয় এবং ১৮ নভেম্বর আড়াইহাজারে ভ্রাম্যমাণ আয়কর মেলা চলবে।
