তাওয়াক্কুল মুমিনের প্রধান গুণ

আপডেট : ০৪ জুন ২০২০, ২০:৫৭

   হাফেজ মাওলানা কাজী মারুফ বিল্লাহ্

 

তাওয়াক্কুল আরবি শব্দ। এর অর্থ হলো—ভরসা করা, আস্থা রাখা, নির্ভর করা। ইসলামি পরিভাষায় মানবজীবনের যাবতীয় সমস্যা তথা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় সমস্যা সমাধানের ক্ষেত্রে মহান আল্লাহর ওপর পরিপূর্ণ ভরসা করাকেই তাওয়াক্কুল বলে। একজন ইমানদারের জন্য তাওয়াক্কুল একটি আবশ্যকীয় গুণ। তাওয়াক্কুল ব্যতীত ইমান পরিপূর্ণ হয় না। মানুষের প্রতি পদে অক্ষমতা রয়েছে। তাই কোনো কাজে ব্যর্থ হয়ে নিরাশ হওয়া চলবে না। এক্ষেত্রে আল্লাহর ওপরই পূর্ণ ভরসা রাখতে হবে। মহান আল্লাহ সুরা মায়েদার ২৩ নম্বর আয়াতে ইরশাদ ফারমান—‘আর তোমরা একমাত্র আল্লাহর ওপর ভরসা করো, যদি তোমরা মুমিন হয়ে থাকো।’ সুরা আলে ইমরানের ১৫৯ নম্বর আয়াতে আল্লাহপাক ইরশাদ করেন—‘নিশ্চয় আল্লাহ সেই সব লোকদের ভালোবাসেন, যারা আল্লাহ ওপর নির্ভরশীল।’ সুরা আনফালের ২ নম্বর আয়াতে আল্লাহপাক আরো ইরশাদ ফারমান—‘ইমানদার তারাই, যাদের অন্তর আল্লাহর স্মরণে কেঁপে ওঠে। আর আল্লাহর আয়াত যখন তেলাওয়াত করা হয় তখন তাদের ইমান বৃদ্ধি পায়। তারা তাদের প্রভুর ওপরই ভরসা রাখে।’

আল্লাহর ইচ্ছা ছাড়া জগতে কিছুই হয় না—এই বিশ্বাস ইমানের অংশ। চেষ্টা-তদবির তাওয়াক্কুলের পরিপন্থি নয়। কাজ করতে যেমন আল্লাহ নির্দেশ করেছেন, তেমনি তাওয়াক্কুলের নির্দেশও তার পক্ষ থেকে এসেছে। বান্দা নিজের যোগ্যতা, মেধা, জ্ঞান ও কর্মদক্ষতার সমন্বয় ঘটিয়ে কাজ করবে এবং সাফল্যের জন্য ভরসা করবে একমাত্র আল্লাহর ওপর—এরই নাম তাওয়াক্কুল। চেষ্টা-তদবির না করে, সুযোগ-সুবিধার সদ্ব্যবহার না করে হাত-পা গুটিয়ে অকর্মণ্য বসে থাকার নাম তাওয়াক্কুল নয়। শরীয়তসম্মতভাবে চেষ্টা করতে হবে এরপর সফলতার জন্য আল্ল­াহ্র ওপর ভরসা রাখতে হবে। সুরা আল ইমরানের ১৫৯ নম্বর আয়াতে আল্লাহপাক বলেছেন—‘তুমি যখন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে তখন আল্লাহর ওপর ভরসা করো।’ সুরা ত্বলাকের ৩ নম্বর আয়াতে এর ফলাফল ঘোষণা করে আল্লাহ বলেছেন—‘যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে আল্লাহপাকই তার জন্য যথেষ্ট।’

হজরত উমার ইবনুল খাত্তাব রা. থেকে তিরমিযির এক বর্ণনায় এসেছে, তিনি বলেন, আমি রসুলুল্লাহ (স)-কে বলতে শুনেছি—‘যদি তোমরা সত্যিকার অর্থেই আল্লাহর ওপর তাওয়াক্কুল করতে তবে তিনি পাখিদের মতো তোমাদের রিযিকের ব্যবস্থা করতেন। সকালে পাখিরা খালিপেটে নীড় থেকে বের হয়, আর সন্ধ্যায় ভরাপেটে নীড়ে ফিরে।’ অতএব মহান রব্বুল আলামিনের প্রতি পূর্ণ আস্থা রাখতে হবে।

লেখক : বেতার ও টিভির ধর্মীয় আলোচক, উপস্থাপক ও  খতিব,

জাজিরা কেন্দ্রীয় জামে মসজিদ, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা