স্পোর্টস ডেস্ক
দলের সদস্যের করোনা সংক্রমণের খবর নিশ্চিত করেছে টটেনহ্যাম কর্তৃপক্ষ। তবে সে সদস্যের নাম প্রকাশ করেনি প্রিমিয়ার লিগের ক্লাবটি।
প্রিমিয়ার লিগ মাঠে ফেরানোর আগে নির্দেশনায় কয়েক দফায় করোনা পরীক্ষার কথা উল্লেখ করেছিল ইংল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়। সেটা মেনেই সম্প্রতি তৃতীয় দফায় পরীক্ষা করা হয় সব দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের। তৃতীয় দফায় শুরুতে কোনো করোনা সংক্রমণের খবর না পাওয়া গেলেও টটেনহ্যাম কর্তৃপক্ষ জানায় দলের এক সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। চলতি দফায় ১ হাজার ১৯৭টি পরীক্ষার পর এই একটিই সংক্রমণের খবর মিলেছে। সর্বমোট ৫ হাজার ৭৯টি পরীক্ষার ফলাফলে দেখা গেছে করোনা সংক্রমিত হয়েছেন ১৩ জন স্টাফ-খেলোয়াড়।
আক্রান্ত সদস্যের ক্ষেত্রে সাধারণ চোটের ক্ষেত্রে নেওয়া পদক্ষেপই নিয়েছে টটেনহ্যাম। নিয়ম মেনে সাত দিনের ব্যক্তিগত কোয়ারেন্টাইনে অবস্থান করবেন সে সদস্য। আর বাকিরা সাধারণ নিয়মেই অনুশীলন করবে বলে জানায় স্পার্স কর্তৃৃপক্ষ। তবে খেলোয়াড়টির নাম প্রকাশ করেনি ক্লাবটি। বিবৃতিতে বলা হয়, ‘মেডিক্যাল গোপনীয়তার কারণে সে ব্যক্তির নাম প্রকাশ করা হবে না।’ প্রিমিয়ার লিগের প্রতিটি দলকে এখন সপ্তাহে দুই বার করোনা পরীক্ষা করা হবে। এর আগে লিগ কর্তৃপক্ষ জানিয়েছিল আগামী ১৭ জুন আর্সেনাল-ম্যানচেস্টার সিটি ম্যাচ দিয়েই মাঠে ফিরবে প্রিমিয়ার লিগ।
