স্পোর্টস রিপোর্টার
গত ২০ মে ঘূর্ণিঝড়ে আম্ফানে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের দক্ষিণাঞ্চল। আম্ফানের তাণ্ডবলীলার সবচেয়ে বড়ো শিকার হয়েছে সাতক্ষীরা জেলা। এই কয়েকটি উপজেলার গ্রাম প্লাবিত হয়েছে বাঁধ ভেঙে। ঘরবাড়ি নষ্ট হয়েছে। আম্ফানে ক্ষতিগ্রস্ত দক্ষিণাঞ্চলের মানুষদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। করোনা সংক্রমণের শুরু থেকেই দুর্গতের সাহায্যে হাত বাড়িয়েছেন টাইগাররা।
এবার ফুটস্টেপস নামক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সঙ্গে মিলে আম্ফানে বিধ্বস্ত গ্রামগুলোর ঘরবাড়ি পুনঃনির্মাণে সাহায্য করেছেন তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা। নিজেদের ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছে ফুটস্টেপস এবং জাতীয় দলের ক্রিকেটারদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ফেসবুক পেজে ফুটস্টেপস লিখেছে, ‘বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, ঘূর্ণিঝড় আম্ফান দ্বারা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিধ্বস্ত বাড়িগুলো পুনঃনির্মাণে সাহায্যের হাত এগিয়ে দেওয়াতে আমরা সত্যিই কৃতজ্ঞ ও উচ্ছ্বসিত। তাদের সহায়তায়, অনেক পরিবারেরই আর নিরাপদ আশ্রয় ছাড়া ঘুমানোর চিন্তা করতে হবে না। অসংখ্য ধন্যবাদ টাইগারদের, আম্ফান দ্বারা ক্ষতিগ্রস্তদের জীবিকা পুনরুদ্ধারে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।’
জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি এই অঞ্চলের মানুষের সহযোগিতায় এগিয়ে আসতে সবাইকে আহ্বান জানিয়েছে ফুটস্টেপস।
