পন্টিংয়ের প্রশংসায় পঞ্চমুখ পান্ডিয়া

আপডেট : ০৪ জুন ২০২০, ২১:০৮

স্পোর্টস রিপোর্টার

হার্দিক পান্ডিয়াকে নিয়ে সমালোচনার শেষ নেই। অনেকেই মনে করেন, তাকে ঠিকভাবে দেখভাল করা হয়নি বলে তিনি শৃঙ্খলাটা সেভাবে মানে না। পান্ডিয়া নিজে বলছেন, তাকে সবচেয়ে ভালো দেখাশোনা করেছিলেন রিকি পন্টিং।

মুম্বাই ইন্ডিয়ান্সে সতীর্থ হিসেবে অস্ট্রেলিয়ান গ্রেট পন্টিংকে পেয়েছিলেন পান্ডিয়া। সেই সময়ের অভিজ্ঞতা বলতে গিয়ে বলেছেন, ‘রিকি পন্টিং এমন একজন ছিলেন যিনি আমাকে সবচেয়ে ভালোভাবে দেখভাল করেছেন। তিনি আমাকে সন্তানের মতো আগলে রেখেছিলেন। আমি অনুভব করতাম তিনি আমার বাবার মতো। রিকি আমাকে অনেক কিছু শিখিয়েছেন। পরিস্থিতি বুঝতে, কিভাবে মানসিক প্রস্তুতি নিতে হয়, আপনাকে কতটুকু দৃঢ় হওয়া দরকার—শিখিয়েছেন। ২০১৫ সালে দলের নতুন সদস্য হিসেবে আমি হোর্ডিংয়ের পাশের সিটে বসতাম। রিকি আমার সঙ্গে বসতেন, ক্রিকেট নিয়ে কথা বলতেন। আমিও দ্রুত শিখতে শুরু করেছিলাম।’ তখন দলের আরেক সিনিয়র ক্রিকেটার ছিলেন পোলার্ড, প্রতিযোগিতার সফলতম দলটিতে এখনো তারা সতীর্থ। দুজনেই করেন পেস বোলিং, ব্যাটিংয়েও দুজনে মারকুটে।  দুজনে মিলে গড়ে তুলেছেন দারুণ জুটি।