বিসিবি পরিচালক নাদেল এখন সুস্থ

আপডেট : ০৪ জুন ২০২০, ২১:০৯

স্পোর্টস রিপোর্টার

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সফল হলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল। বিসিবির উইমেন্স উইংয়ের চেয়ারম্যান নাদেল ঈদুল ফিতরের আগে করোনা ভাইরাসে আক্রান্ত হন। করোনা টেস্টের রেজাল্ট পজিটিভ আসে। দুই সপ্তাহ আইসোলেশনে থাকার পর এখন সুস্থ হয়েছেন তিনি। তার সর্বশেষ রিপোর্টে নেগেটিভ এসেছে।

গতকাল বিসিবির এই পরিচালক সাংবাদিকদের বলেছেন,‘গতকাল (বুধবার) আমার টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। আমি করোনা ভাইরাস থেকে সেরে উঠেছি।’ শরীরকে কাবু করে ফেলার মতো উপসর্গ ছিল না নাদেলের। তিনি বলেছেন, ‘আসলে বলার মতো উপসর্গ আমার ছিল না। আমার কিছুটা জ্বর ও গলার ব্যথা ছিল। আইসোলেশনেও আর কোনো সমস্যা হয়নি। পজিটিভ হওয়ার পরও আমি ভেঙে পড়িনি। মানসিকভাবে শক্ত ছিলাম। অনেক মানুষ আমাকে ফোন করেছে, সাহস যুগিয়েছে, শক্ত থাকতে বলেছে। শুরুতে বিসিবি সভাপতি থেকে শুরু করে সবাই আমার খোঁজখবর নিয়েছেন। আসলে এই সময়ে মানসিকভাবে শক্ত থাকাটা খুব গুরুত্বপূর্ণ।’