ডিজিটাল প্ল্যাটফরমে রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় হওয়ার পরিকল্পনা
মেহেদী হাসান
চলতি মাস থেকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ডিজিটাল প্ল্যাটফরমে রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় হওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে আওয়ামী লীগ। আসন্ন বাজেট অধিবেশনের পর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক ডাকা হবে। তবে এ বৈঠক ভিডিও কনফারেন্সের মাধ্যমে করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে। আগামী ৭ জুন ঐতিহাসিক ৬ দফা দিবস এবং আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিও ডিজিটাল প্ল্যাটফরমে কীভাবে পালন করা যায়, সে ব্যাপারে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।
করোনা দুর্যোগের কারণে দেশের রাজনৈতিক কর্মসূচি এখন স্থগিত রয়েছে। চলমান করোনা পরিস্থিতির শিগিগরই সমাধান হওয়ার কোনো লক্ষণও নেই। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস পরিস্থিতির শুরু থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা পর্যায়ে মাঠ প্রশাসনের কর্মকর্তা, দলীয় নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করে মতবিনিময় করেছেন। এমনভাবে আওয়ামী লীগের দলীয় কর্মসূচি পালনের চিন্তাভাবনা চলছে। এ লক্ষ্যে ইতিমধ্যে ডিজিটাল মাধ্যমে অনভ্যস্ত দলের কেন্দ্রীয় নেতাদের জুম লিংকও পাঠানো হয়েছে।
এদিকে করোনা ভাইরাস মোকাবিলায় মানবিক ও সতর্কতামূলক কর্মসূচি নিয়ে মাঠে রয়েছে আওয়ামী লীগ। দরিদ্র, অসহায় ও কর্মহীন মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হচ্ছে। দলের নেতাকর্মী, সংসদ সদস্যসহ সর্বস্তরের জনপ্রতিনিধি এবং সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা দেশব্যাপী নিয়মিত খাদ্য ও নগদ অর্থ সহায়তা হিসেবে দিচ্ছেন। করোনা দুর্যোগে এ পর্যন্ত ১ কোটি ২০ লাখ দরিদ্র অসহায় পরিবারকে খাদ্যসামগ্রী প্রদানের পাশাপাশি ১০ কোটির বেশি নগদ অর্থসহায়তা দিয়েছে ক্ষমতাসীন এই দল। এদিকে লকডাউন শিথিল করার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যবিধি মেনে চলতেও জনগণকে সচেতন করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এক্ষেত্রে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সারাদেশে লিফলেট বিতরণ এবং পাড়া-মহল্লার মসজিদের খতিব-ইমামদের সঙ্গে মতবিনিময়সহ একগুচ্ছ কর্মসূচি পালন করছে সরকারি দলটি।
করোনা দুর্যোগ পরিস্থিতিতে দেশবাসীকে ভীত না হয়ে সতর্কতা ও প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহামারি মোকাবিলায় চলমান কর্মসূচি সঠিকভাবে পালনের লক্ষ্যে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। প্রতিদিন বিকালে কেন্দ্রীয় নেতারা ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করেন। সেখান থেকে নেতারা সারাদেশের জেলা, মহানগর ও উপজেলা নেতাদের সঙ্গে মুঠোফোনে তৃণমূলের খোঁজখবর নেন। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের টেলিফোন ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেওয়া বিভিন্ন দিকনির্দেশনা তাদের কাছে পৌঁছে দেন।
