ইত্তেফাক রিপোর্ট
করোনা ভাইরাসের মহামারির মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা সাংবাদিকদের ঝুঁকিভাতা দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান ফ্রন্টের শীর্ষ নেতারা।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।
বিবৃতিতে ঐক্যফ্রন্ট নেতারা বলেন, দেশের যে কোনো সংকটকালীন সময়ের মতো করোনার এই কঠিন সময়েও সাংবাদিকরা তাদের অসাধারণ ভূমিকা এবং দায়িত্ব পালন করছেন। করোনা প্রতিরোধ এবং চিকিত্সা ক্ষেত্রে সরাসরি কোনো করণীয় না থাকার পরও জনগণকে এসম্পর্কে বাস্তব পরিস্থিতি অবহিত করে যাচ্ছেন। গুরুত্বপূর্ণ এ দায়িত্ব সাহসিকতার সঙ্গে পালনকালে তারা তাদের নিজেদের জীবনের ঝুঁকি তৈরি করেছেন। এরইমধ্যে ছয় সংবাদকর্মী প্রাণ হারিয়েছেন। এছাড়াও আক্রান্ত হয়েছেন আরো ২৪৪ সংবাদকর্মী।
করোনায় জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালনকারী সাংবাদিকদের যথাযথ সুরক্ষার ব্যবস্থা করার দাবি জানিয়ে ঐক্যফ্রন্টের নেতারা বলেন, করোনার এই সময়ে বহু ক্ষেত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে—অনেক মিডিয়া হাউজ তাদের কর্মীদের বেতন দিচ্ছে না। এমনকি অনেক প্রতিষ্ঠান কর্মীদের ছাঁটাই করছে। অবিলম্বে সব ছাঁটাই বন্ধ করতে হবে। ছাঁটাই করা সংবাদকর্মীদের পুনর্বহাল করতে হবে এবং তাদের বেতন প্রাপ্তি নিশ্চিত করতে হবে। তারা আরো বলেন, দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা ও মামলার ঘটনাও ঘটেছে। সত্য প্রকাশের কারণে সাংবাদিক গ্রেফতারও হয়েছেন। আমরা গ্রেফতার সব সাংবাদিকের অবিলম্বে মুক্তি দাবি করছি এবং ভবিষ্যতে তাদের ওপরে যে কোনো ধরনের হয়রানি বন্ধ করতে হবে। মনে রাখতে হবে, যে কোনো সংকটের সময়ে মুক্ত মত প্রকাশ বাধাগ্রস্ত করলে সেটা সেই সংকটকে আরো ঘনীভূত করে এবং মানুষের জীবনে বিপর্যয় ঘটায়।
