রূপগঞ্জে পিকআপ ভ্যানচালককে কুপিয়ে হত্যা

আপডেট : ০৪ জুন ২০২০, ২১:৩৬

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কুশাবো এলাকায় বৃহস্পতিবার ভোরে ছিনতাইকারীরা আশিকুর রহমান (৩৫) নামের এক পিকআপ ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে। রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের আউখাবো এলাকার এ-ওয়ান পোলার নামের এক পোশাক কারখানায় পিকআপ ভ্যানচালক হিসেবে আশিকুর রহমান কর্মরত ছিলেন। তার বাড়ি গাইবান্ধা জেলার কাঠুর গ্রামে। তার পিতার নাম আব্দুল বারী।

পুলিশ জানায়, পিকআপ ভ্যানে আশিকুর রহমান প্রতিদিনের ন্যায় পোশাক কারখানার মালামাল নিয়ে গাজীপুরের দিকে যাচ্ছিলেন। কুশাবো এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা ছিনতাইকারীরা গাড়ির গতিরোধ করে মালামালসহ পিকআপ ভ্যানটি ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় বাধা দিলে ছিনতাইকারীরা ভ্যানচালককে কুপিয়ে জখম করে। পরে টহল পুলিশের টের পেয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। আশিকুর রহমানকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয় ইউএস বাংলা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান জানান, আশিকুর রহমানের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। তবে ছিনতাইয়ের ঘটনা নাকি পূর্ব শত্রুতায় আশিকুর রহমানকে হত্যা করা হয়েছে পুলিশ তা খতিয়ে দেখছে।