মাদারীপুরে মানবপাচার চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৮। তারা লিবিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে মানবপাচার করে আসছিলেন। গোপনে খবর পেয়ে বুধবার গোপালগঞ্জের মুকসুদপুর থানার লোহাইর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধভাবে মানবপাচারে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- সেন্টু শিকদার (৪৫) ও মোছা. নার্গিস বেগম (৪০)।
আরও পড়ুন: টাকা আত্মসাতের অভিযোগে জুতার মালা পড়ে ঘোরালেন ইউপি চেয়ারম্যান
বৃহস্পতিবার দুপুরে র্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৮ মে লিবিয়ায় আন্তর্জাতিক মানবপাচারকারী চক্র অভিবাসন প্রত্যাশীদের অপহরণ করে মুক্তিপন না পাওয়ায় ২৬ জন বাংলাদেশিসহ ৩০ জনকে গুলি করে হত্যা করে। এর পরিপ্রেক্ষিতে র্যাব-৮ এর একটি দল ওই চক্রের স্থানীয় সদস্যদের গ্রেফতারে তৎপরতা শুরু করে। বুধবার গোপালগঞ্জের মুকসুদপুর থানার লোহাইর গ্রাম ওই চক্রের সদস্য সেন্টু শিকদার এবং যাত্রাবাড়ী গ্রাম থেকে মোছা. নার্গিস বেগমকে গ্রেফতার করে। র্যাব আরও জানায়, আটক সেন্টু শিকদারের ভাই বশির শিকদার মানবপাচারকারী চক্রের লিবিয়া অংশের অন্যতম। বশির শিকদার ও তার সহযোগী মো. সেলিম শেখের নেতৃত্বে লিবিয়ার বন্দিশালায় পাচার হওয়া বাংলাদেশি যুবকদের অর্ধাহারে-অনাহারে রেখে নানাবিধ শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। এই চক্রের অন্যদের গ্রেফতারসহ আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ইত্তেফাক/এসি
