কমলগঞ্জে ধলাইয়ের পানি বৃদ্ধি নিমজ্জিত হচ্ছে নিম্নাঞ্চল

আপডেট : ০৪ জুন ২০২০, ২১:৪৭

টানা বর্ষণে পাহাড়ি ঢল

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

গত দুই দিনের টানা বর্ষণে ও  উজান থেকে নেমে আসা ভারতীয় পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় বিপদসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সবগুলো পাহাড়ি ছড়ায় পানিও উপচে পড়ছে। উজানের পানি নামতে থাকায় নিম্নাঞ্চল নিমজ্জিত হচ্ছে। কমলগঞ্জে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের কয়েকটি স্থান ঝুঁকিপূর্ণ থাকায় বাঁধ ভেঙে বন্যার আশঙ্কাও রয়েছে।

মঙ্গলবার ও বুধবার থেমে থেমে কয়েকদফা ভারী বর্ষণ হলেও গত রাতে টানা ভারী বৃষ্টিপাত হয়েছে। একই সময়ে উজানে ভারতীয় পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টিপাতে কমলগঞ্জে বুধবার রাত থেকে ধলাই নদীতে পানি বৃদ্ধি পেতে থাকে। বৃহস্পতিবার ভোর ছয়টায় ধলাই নদীর পানি বিপত্সীমা অতিক্রম করে। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক জানান, বৃহস্পতিবার ভোর ছয়টায় ভানুগাছ রেলওয়ে স্টেশনের অদূরে ধলাই রেল সেতু এলাকায় পানি বিপত্সীমার ১৯ দশমিক ৮৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। পরবর্তীতে এর পরিমাণ আরো বৃদ্ধি পাবে বলে নির্বাহী কর্মকর্তা বলেন। 

পানি উন্নয়ন বোর্ডের মৌলভীবাজারে নির্বাহী প্রকৌশলী রনেন্দ্র শঙ্কর চক্রবর্তী বলেন, আমি সরেজমিনে ধলাই নদীর কয়েকটি স্থান পরিদর্শন করেছি। সকালে ধলাই নদীর পানি বিপত্সীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও দুপুরে নেমে গেছে। উজানে তেমন বৃষ্টিপাত না হলে বন্যার আশঙ্কা নেই।