ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
শর্তসাপেক্ষে স্বাস্থ্যবিধি মেনে চলছে রেলওয়ের পাকশী বিভাগে ছয়টি আন্তঃনগর যাত্রীবাহী ট্রেন। বৃহস্পতিবার এই বিভাগের বৃহত্তম ঈশ্বরদী জংশন স্টেশনে সরেজমিনে গিয়ে সরকার ঘোষিত সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি রক্ষার নিয়ম মানার বিষয়টি পরিলক্ষিত হয়েছে। দেখা যায়, সকালে রাজশাহী হতে ছেড়ে আসা ঈশ্বরদী জংশন স্টেশন হয়ে গোয়ালন্দঘাট অভিমুখী ৭৫৬ নম্বর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯টা ১০ মিনিটে প্রবেশ করে এবং খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ৭১৫ নম্বর আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটিও ১১টার দিকে ঈশ্বরদী জংশন স্টেশন থেকে যথাসময়ে ছেড়ে যায়। পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) ফুয়াদ হোসেন আনন্দ জানান, প্রথম দিনে বরাদ্দের কম সংখ্যক টিকিট বিক্রি হয়েছে। বৃহস্পতিবার প্রতিটি ট্রেনের সবকটি টিকিট বিক্রি হয়েছে।
