প্রতিদিন কোটি টাকা বেচাকেনা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এ বছর লিচুর বাম্পার ফলন হয়েছে। প্রতিদিন উপজেলার আউলিয়া বাজারসহ বিভিন্ন বাজারে প্রায় কোটি টাকার লিচু বেচাকেনা হচ্ছে। দেশের অন্যান্য জেলায় এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে লিচু বাজারে আসলেও বিজয়নগর উপজেলার লিচু বাজারে আসে মে মাসের প্রথম দিকে।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০০২ সাল থেকে বিজয়নগরে বাণিজ্যিকভাবে লিচুর চাষ শুরু হয়। বর্তমানে উপজেলার পাহাড়পুর, বিষ্ণুপুর, কাঞ্চনপুর, খাটিঙ্গা, কাশিমপুর, সিঙ্গারবিল, চম্পকনগর, আদমপুর, কালাছড়া, মেরাশানী, সেজামুড়া, কামালমোড়া, নুরপুর, হরষপুর, মুকুন্দপুর, নোয়াগাঁও, অলিপুর, চান্দপুর, কাশিনগর, ছতুরপুর, রূপা, শান্তামোড়া, কামালপুর, কচুয়ামোড়া, ভিটিদাউপুর এলাকায় প্রায় ৫০০ লিচুর বাগান রয়েছে। হবিগঞ্জ জেলার ব্যবসায়ী মকবুল হোসেন জানান, গত তিন দিন ধরে তিনি আউলিয়া বাজারে আসছেন। প্রতিদিন তিনি গড়ে প্রায় লাখ টাকার ওপরে লিচু কেনেন।
বিজয়নগর উপজেলা কৃষি অফিসার খিজির হোসেন বলেন, এ বছর উপজেলায় ৩৭০ হেক্টর জমিতে লিচু চাষ করা হয়েছে যা গত বছরের তুলনায় ২০ হেক্টর বেশি। তিনি বলেন, কৃষি অফিস থেকে আমরা কৃষকদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতাসহ সার ও কীটনাশক দিচ্ছি। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহের নিগার বলেন, মন্ত্রণালয় থেকে নির্দেশনাবলী দেওয়া আছে যেন কোনো ব্যবসায়ীদেরকে হয়রানি না করা হয়। কোনো ব্যবসায়ীকে হয়রানি বা টাকা নিয়ে থাকে বা বাজারের ইজারাদার যদি ব্যবসায়ীদের কাছ থেকে বেশি টাকা নেয়, কেউ অভিযোগ দিলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
