জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে সাগর মিয়া (২০) নামে এক বাকপ্রতিবন্ধী যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। জীবননগর থানা ও শাহাপুর ফাঁড়ি পুলিশ বৃহস্পতিবার দুপুরে তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় থানাতে একটি ইউডি মামলা রুজু করা হয়েছে। সে উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের বেলতলাপাড়ার মিনারুল ইসলামের ছেলে।
জীবননগর থানা ও সাগরের পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সে বাড়ি থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া-সরোজগঞ্জ সড়কের বেলতলায় অবস্থিত তেলা পুকুরে তার লাশ ভেসে উঠতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।
জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ জানান, লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। সুরতহাল রিপোর্ট প্রস্তুতকালে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি অপমৃত্যু। এ ঘটনায় থানাতে একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।
