আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের আড়াইহাজারের সাতগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি পনির ভুঁইয়াকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে একই ইউনিয়ন তরুণ লীগের সভাপতি বিপ্লব প্রধান।
বৃহস্পতিবার দুপুরে আহত পনিরের বড়ো ভাই মনির হোসেন সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। এর আগে আহত পনিরকে মাধবদী দেওয়ান মেডিক্যাল থেকে চিকিত্সা শেষে বাড়ি নিয়ে আসেন তিনি।
জানা যায়, বুধবার বিকালে গাঁজা বিক্রি ও সেবন নিয়ে এলাকায় দুটি গ্রুপের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। পরে পনির ভুঁইয়া সেটির মীমাংসা করেন এবং পুরিন্দা থেকে এ এলাকায় এসে এ ধরনের কর্মকাণ্ড করায় একপক্ষকে শাসিয়ে দেন। পরে ঐ পক্ষটি এ ব্যাপারে গিয়ে বিপ্লব প্রধানের কাছে গিয়ে অভিযোগ করলে তারা শতাধিক লোক নিয়ে এসে হামলা করে পনির গ্রুপের ওপর। এ সময় তাদের মালিকানাধীন হিরো বাংলা কোম্পানির অফিস, বিভিন্ন লোকজনের বাসা বাড়িতে হামলা চালানো হয়। এতে পনির আহত এবং তার শরীরে ১২টি সেলাই লাগে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এখন দুই পক্ষই শান্ত রয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
