ইউপি চেয়ারম্যান ও সদস্য সাময়িক বরখাস্ত

আপডেট : ০৪ জুন ২০২০, ২১:৫৬

নগদ অর্থসহায়তা এবং চাল বিক্রিতে অনিয়মে

ইত্তেফাক রিপোর্ট

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ সহায়তা কর্মসূচির তালিকা প্রণয়নে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম মলাই এবং মানবিক সহায়তা কর্মসূচির হতদরিদ্রের জন্য ১০ টাকা কেজি দরে চাল আত্মসাতের অভিযোগে হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য শফিউল ইসলাম তসকিরকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

গতকাল বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগ হতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাময়িকভাবে বরখাস্তকৃত চেয়ারম্যান ও সদস্যদের পৃথক পৃথক কারণ দর্শানো নোটিশে কেন তাদেরকে চূড়ান্তভাবে পদ থেকে অপসারণ করা হবে না তার জবাব পত্রপ্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে।