করোনায় রানা প্লাজার মালিক খালেকের মৃত্যু

আপডেট : ০৪ জুন ২০২০, ২১:৫৭

ইত্তেফাক রিপোর্ট

সাভারে ধসে পড়া বহুল আলোচিত রানা প্লাজার মালিক আব্দুল খালেক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে নিজ বাসায় চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রানা প্লাজা ধসে পড়ার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলায় আব্দুল খালেক জামিনে ছিলেন। তবে তার ছেলে সোহেল রানা বর্তমানে কারাগারে রয়েছে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত রবিবার রানা প্লাজার মালিক আব্দুল খালেকের শ্বাসকষ্ট দেখা দিলে চিকিত্সার জন্য তাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়; কিন্তু তিনি করোনায় আক্রান্ত কি না—তা নিশ্চিত না হয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি না নিয়ে করোনা পরীক্ষা করার পরামর্শ দেয়। পরে তাকে বাসায় রেখে চিকিত্সা দেওয়ার পাশাপাশি গত সোমবার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার জন্য তার নমুনা দেওয়া হয়। গতকাল সকালে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, আব্দুল খালেকের করোনা পজিটিভ; কিন্তু এর আগেই ভোরে তিনি মারা যান।

উল্লেখ্য, সাভারে ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের ঘটনায় সহস্রাধিক মানুষ মারা যান। আহত হন কয়েক হাজার মানুষ।