টঙ্গিবাড়ী থানার ওসি প্রত্যাহার

আপডেট : ০৪ জুন ২০২০, ২১:৫৮

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী থানার ওসি শাহ্ মো. আওলাদ হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। মুন্সীগঞ্জ পুলিশ সুপার স্বাক্ষরিত পত্রে বদলির আদেশ দিয়ে মুন্সীগঞ্জ পুলিশ লাইন ওআর-এ তাকে সংযুক্ত করা হয়েছে। মুন্সীগঞ্জের পুলিশ সুপার আব্দুল মোমেন বৃহস্পতিবার এ ব্যাপারে বলেন, জনস্বার্থে এই বদলি করা হয়েছে। আপাতত টঙ্গিবাড়ী থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম রসুল মোল্লা থানাটির ওসির দায়িত্ব পালন করবেন।

পুলিশের একটি সূত্র জানায়, গত ১৪ মে টঙ্গীবাড়ি থানার পুলিশ কনস্টেবল তানজিলকে মারধরের ঘটনায় স্থানীয় সোনারং-টঙ্গিবাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আহসান কবির খান ও তার পুত্র নাছের খান গ্রেফতার হন। পরদিন পুত্র নাছের খান জামিন পেলেও ১৭ দিন জেলখানায় থাকার পর ৩১ মে জামিন পান আহসান কবির খান। পরবর্তীতে তাকে ও তার পরিবারের সদস্যদের নির্যাতনের অভিযোগ উত্থাপন করে মঙ্গলবার মুন্সীগঞ্জ প্রেসক্লাবে উপজেলা আওয়ামী লীগের ব্যানারে সংবাদ সম্মেলন করে ওসির প্রত্যাহার দাবি করা হয়। সূত্রটি জানায়, এসব কারণেই ওসিকে প্রত্যাহার করা হয়ে থাকতে পারে।