বিস্ফোরকভর্তি আনারস খাইয়ে অন্তঃসত্ত্বা হাতিকে হত্যার ঘটনায় গত কয়েক দিন ধরে তোলপাড় পুরো ভারত। সেই ঘটনার তদন্তে উচ্চপর্যায়ের তদন্ত দল গঠন করেছে কেরালার সরকার। সন্দেহভাজন হিসেবে এক জনকে আটক করা হয়েছে। রাজ্য সরকারের কাছে এ নিয়ে নোট চেয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার।
আনারসের ভেতর বিস্ফোরক ভরে দিয়েছিল কিছু অবিবেচক নিষ্ঠুর মানুষ। তা খেয়ে গত সপ্তাহে কেরালায় মৃত্যু হয়েছিল একটি অন্তঃসত্ত্বা হাতির। নৃশংস এই ঘটনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামনে আসতে হইচই পড়ে যায়। চারিদিকে ওঠে নিন্দার ঝড়। রাজনীতিক থেকে রতন টাটার মতো ব্যবসায়ী, ক্রীড়া ব্যক্তিত্ব থেকে সাধারণ মানুষ বিষয়টি নিয়ে গত দুই দিন ধরে সরব হয়েছেন। তার পরই হাতির মৃত্যুর তদন্ত ও এর সঙ্গে যুক্ত অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে কেরালার প্রশাসন। তিনজন সন্দেহভাজনকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। এক জনকে আটক করা হয়েছে। বন বিভাগের কর্মীরা তাকে জিজ্ঞাসাবাদ করছেন। যদিও ঐ ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।
কেরালার মমল্লপ্পুরমে হাতির মৃত্যুর ঘটনার ওপর নজর রাখছে নরেন্দ্র মোদির সরকারও। ভারতের পরিবেশমন্ত্রী প্রকাশ জাভেদকর টুইটে ঘটনার নিন্দা করে বলেছেন, বিস্ফোরক দিয়ে প্রাণী হত্যা করা ভারতীয় সংস্কৃতি নয়। ঘটনার তদন্ত হবে ও অপরাধীরা রেহাই পাবে না বলে জানিয়েছেন তিনি। বন্যপ্রাণী অপরাধ তদন্তকারী দল হাতি মৃত্যুর তদন্ত করবে। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। কেরালার মুখ্য বন্যপ্রাণী ওয়ার্ডেন সুরেন্দ্র কুমার জানিয়েছেন, হাতির মৃত্যুকে ‘ইচ্ছাকৃত হত্যা’ হিসেবে দেখা হবে। —আনন্দবাজার পত্রিকা
