যশোরে এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণের পর হত্যা, আটক ২

আপডেট : ০৪ জুন ২০২০, ২২:৩০

যশোরে ৫০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণের পর হত্যা করেছে অপহরণকারীরা। হত্যাকাণ্ডের শিকার নুরুজ্জামান বাবু (২০) অভয়নগর উপজেলার পুড়াখালি গ্রামের ইমরান গাজীর ছেলে ও ধোপাদী এস এস কলেজের বাণিজ্য বিভাগের এইচএসসি পরীক্ষার্থী। বৃহস্পতিবার সকালে পুড়াখালি বাঁওড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।

অভয়নগর থানা সূত্র জানায়, গত ১ জুন বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন নুরুজ্জামান বাবু। এর পর তার পিতা ইমরান গাজীর কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ চেয়ে ফোন করে অজ্ঞাত দুর্বৃত্তরা। এ ঘটনায় ২ জুন তিনি অভয়নগর থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ তদন্ত করে ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে পুলিশ সন্দেহভাজন দুই অপরাধীকে আটক করে। তারা হলো—অভয়নগর উপজেলার পুড়াখালি গ্রামের রিফাত আহমেদ আউশ ও ঝিনাইদহের কোটচাঁদপুর এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক। পুলিশের জিজ্ঞাসাবাদে আটক দুই জন নুরুজ্জামান বাবুকে অপহরণের কথা স্বীকার করেন। তাদের স্বীকারোক্তি অনুযায়ী বাবুর লাশ উদ্ধার করা হয়।অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম জানান, কলেজছাত্র নুরুজ্জামান বাবুকে ৫০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহরণ করা হয়েছিল। সেটা না পেয়ে পরে তাকে হত্যা করা হয়।