মুকসুদপুর থেকে লিবিয়ায় মানব পাচারকারী চক্রের দুই সদস্য গ্রেফতার

আপডেট : ০৪ জুন ২০২০, ২২:৩১

লিবিয়ায় মানব পাচারকারী চক্রের নারীসহ দুই সদস্যকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে মাদারীপুর র্যাব-৮-এর সদস্যরা। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল অভিযান চালিয়ে উপজেলার লোহাইড় গ্রামের রতন সিকদারের ছেলে সেন্টু সিকদার ও যাত্রাবাড়ী গ্রামের রব মোড়লের স্ত্রী নার্গিস বেগমকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার র্যাব-৮-এর অধিনায়ক কোম্পানি কমান্ডার মোহাম্মদ তাজুল ইসলাম এক ব্রিফিংয়ে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা উক্ত চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। জানা যায়, চক্রের লিবিয়া অংশের অন্যতম প্রধান মো. বশির শিকদার গ্রেফতারকৃত সেন্টু শিকদারের ভাই। চক্রটি বশির শিকদার ও অপরজন সেলিম শেখের নেতৃত্বে লিবিয়ার বন্দিশালায় পাচারকৃত বাংলাদেশি যুবকদের অর্ধাহারে-অনাহারে রেখে নানাবিধ শারীরিক ও মানসিক নির্যাতন চালায় এবং গ্রেফতারকৃত সেন্টু শিকদার ও নার্গিস বেগমসহ বাংলাদেশে অবস্থানরত পাচারকারীরা ভিকটিমদের নিকটাত্মীয়দের কাছ থেকে টাকা উত্তোলন করেন। গ্রেফতারকৃত এবং পলাতক আসামিদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

উল্লেখ্য, লিবিবায় গুলি করে বাংলাদেশি হত্যা ও আহতের ঘটনায় গত সোমবার মুকসুদপুর থানায় তিন মানব পাচারকারীর বিরুদ্ধে মামলা দায়ের করেন উপজেলার বামনডাঙ্গা গ্রামের নিহত সুজন মৃধার পিতা কাবুল মৃধা।