আজ ঢাকায় আসছে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’

আপডেট : ০৪ জুন ২০২০, ২২:৩২

আজ শুক্রবার থেকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের আম ঢাকায় নিয়ে আসছে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’। আজ সকালে আনুষ্ঠানিকভাবে ঢাকার উদ্দেশে রওনা দেয় এই পার্সেল ট্রেনটি। চলমান করোনা পরিস্থিতিতে আম পরিবহনে প্রথমবারের মতো এই পার্সেল ট্রেন চালু হচ্ছে। আম ছাড়াও অন্যান্য পার্সেল পরিবহনের সুবিধা থাকছে এ ট্রেনটিতে। গতকাল বৃহস্পতিবার রাজশাহী রেলওয়ে স্টেশনে সংবাদ সম্মেলনে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’ চালুর ব্যাপারে বিস্তারিত জানান পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (পাকশী) ফুয়াদ হোসেন আনন্দ। তিনি জানান, ট্রেনটি প্রতিদিন চাঁপাইনবাবগঞ্জ থেকে বিকাল ৪টায় ছেড়ে আসবে। রাজশাহী পৌঁছাবে ৫টা ২০ মিনিটে। ৫টা ৫০ মিনিটে ট্রেনটি সেখান থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে রাত ১টায়।

ট্রেনটিতে মোট ছয়টি ওয়াগন থাকবে। প্রতিটি ওয়াগনে ৪৫ হাজার কেজি আম নেওয়া যাবে। এছাড়া সকল প্রকার শাকসবজি, ফলমূল, ডিমসহ কৃষিপণ্য, বাড়ির ফর্নিচার এবং রেলওয়ের আইনে পার্সেল হিসেবে বহনযোগ্য সব সামগ্রী বহন করা হবে এই ট্রেনে।

ট্রেনটিতে রাজশাহী স্টেশন থেকে এক কেজি আম ঢাকার বিমানবন্দর, তেজগাঁও বা কমলাপুরে নিতে খরচ পড়বে ১ টাকা ১৮ পয়সা। আর চাঁপাইনবাবগঞ্জ থেকে এক কেজি আমের ভাড়া লাগবে ১ টাকা ৩০ পয়সা। রেলওয়ের নিয়ম অনুযায়ী ট্রেন ছাড়ার আগে যে কেউ তাদের মালামাল বুকিং দিতে পারবেন।