সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন পদে এক হাজার ৯৭ জনকে নিয়োগ দেয়া হবে। নিয়োগ সম্পর্কিত বিজ্ঞপ্তিটি দেখা যাবে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। ইতোমধ্যে শুরু হয়েছে আবেদনের কার্যক্রম, চলবে আগামী ৭ জানুয়ারি, ২০১৯ পর্যন্ত। বিস্তারিত লিখেছেন মাহবুব শরীফ
সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এবারের প্রক্রিয়ায় ১০টি পদে সর্বমোট এক হাজার ৯৭ জনকে নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী উল্লিখিত পদগুলোতে প্রকৃত বাংলাদেশি নাগরিকরাই আবেদন করতে পারেন।
আবেদনের পদসমূহ
বিজ্ঞপ্তি অনুযায়ী হেলথ এডুকেটর পদে দুই জন, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ছয় জন, পরিসংখ্যানবিদ পদে ৩৮ জন, কীঁটতত্ত্বীয় টেকনিশিয়ান পদে চার জন, স্বাস্থ্য সহকারী পদে ৯’শ ৩৬ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৩১ জন, স্টোর কিপার পদে ৫০ জন, ওয়ার্ড মাস্টার পদে ১১ জন, ডার্করুম সহকারী পদে দুই জন, ল্যাবরেটরি এটেনডেন্ট পদে ১৭ জনসহ সর্বমোট এক হাজার ৯৭ জনকে নিয়োগ দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা
হেলথ এডুকেটর পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বা জীব বিজ্ঞান অনুষদভুক্ত যেকোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে স্বাস্থ্য শিক্ষায় এমপিএইচ ডিগ্রি। সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের প্রার্থীদের দরকার হবে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সনদ। থাকতে হবে কম্পিউটার চালনায় অভিজ্ঞতা। পরিসংখ্যানবিদ পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গনিত, অর্থনীতি বিষয়ে স্নাতক অথবা সমমান ডিগ্রি। থাকতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা।কীঁটতত্ত্বীয় টেকনিশিয়ান পদে আবেদনের জন্য আগ্রহীদের কোনো স্বীকৃত বোর্ড হতে জীব বিজ্ঞানসহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সনদ থাকতে হবে। স্বাস্থ্য সহকারী পদে আবেদনের জন্য প্রয়োজন হবে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সনদ। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদনের জন্য আগ্রহীদের দরকার হবে এইচএসসি বা সমমান পরীক্ষায় পাসসহ কম্পিউটার ব্যবহারের দক্ষতা। স্টোর কিপার পদে আবেদন করতে হলে আগ্রহীদের স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সনদ থাকতে হবে। ওয়ার্ড মাস্টার পদে আবেদনের জন্য স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সনদ প্রয়োজন হবে। এছাড়াও, ডার্করুম সহকারী ও ল্যাবরেটরি এটেনডেন্ট পদে আবেদনের জন্যও প্রার্থীদের স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সনদের প্রয়োজন হবে।
আবেদন পদ্ধতি
উল্লিখিত পদগুলোতে আবেদন করতে হলে আবেদনকারীকে অনলাইনের মাধ্যমে তা করতে হবে। এ কাজের জন্য প্রার্থীদের dghsp.teletalk.com.bd ওয়েবসাইটের ভিজিট করতে হবে। অনলাইন আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের নির্ধারিত নির্দেশনা মেনে চলতে হবে। প্রার্থীদের আপলোড করতে হবে রঙিন ছবি ও স্বাক্ষরের সড়্যান কপি। ছবির আকার হতে হবে ৩০০ বাই ৩০০ পিক্সেল ও ফাইল সাইজ সর্বোচ্চ ১০০ কেবি এবং স্বাক্ষরের আকার ৩০০ বাই ৮০ পিক্সেল ও ফাইল সাইজ সর্বোচ্চ ৬০ কেবি। আবেদন সাবমিটের পর ইউজার আইডি, ছবি ও স্বাক্ষরযুক্ত অ্যাপ্লিকেন্ট কপি পাওয়া যাবে। পিডিএফ ফাইলটি ডাউনলোড ও প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে। ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট পদের জন্য পরীক্ষা ফি বাবদ ৫৬ টাকা। বাকি সব পদে পরীক্ষা ফি ১১২ টাকা টেলিটক মোবাইলের মাধ্যমে জমা দিতে হবে। প্রাথমিকভাবে কোনো কাগজপত্র লাগবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ভাইভার সময় প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে।
বয়সসীমা
উল্লিখিত পদগুলোতে আবেদনকারীদের বয়সসীমা হতে হবে ১ নভেম্বর ২০১৮ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা অথবা প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
পরীক্ষার পদ্ধতি
বরাবরের মতো এবারও স্বাস্থ্য অধিদপ্তরের কেন্দ্রীয় পরীক্ষা পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুসারে পদগুলোতে ১০০ নম্বরের লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় ৭০ নম্বর এবং মৌখিক পরীক্ষায় বরাদ্দ ৩০ নম্বর। লিখিত পরীক্ষা হবে এমসিকিউ বা বহু নির্বাচনী পদ্ধতিতে। পদভেদে যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, সে অনুযায়ী প্রশ্ন প্রণয়ন করা হবে। সাধারণত বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসে। লিখিত পরীক্ষা নেওয়া হতে পারে অন্য কোনো পদ্ধতিতেও।
বেতনসীমা
বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী বিভিন্ন
(১১, ১৪, ১৫, ১৬ ও ১৯তম) গ্রেডে বেতন-ভাতা দেওয়া হবে ১২ হাজার ৫’শ থেকে ৩০ হাজার ২’শ ৩০ টাকা পর্যন্ত।
পরীক্ষার প্রস্তুতি
এর আগে অনুষ্ঠিত পরীক্ষাগুলো প্রায় একই রকম হয়েছে। সেজন্য বিগত বছরের প্রশ্নগুলো অনুশীলন করলে ভালো ধারণা পাওয়া যাবে। মাধ্যমিক শ্রেণির বইগুলোও খুব কাজে দেবে। বেসিক নলেজ ভালো থাকতে হবে। মনে রাখতে হবে যার বেসিক যত ভালো সে পরীক্ষায় তত ভালো করবে।
বাংলা :শুরুতে যে পরীক্ষাটা হবে তা হলো এমসিকিউ পরীক্ষা। এতে থাকবে বাংলা ব্যাকরণ অংশের প্রবাদ প্রবচন, উপসর্গ, সন্ধি বিচ্ছেদ, সমার্থক শব্দ, বাংলা পরিভাষা, বাগধারা, পদ, সমোচ্চারিত শব্দ, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, শুদ্ধ বানান, বচন, সমাস, কারক, বিভক্তিসহ নানা বিষয়ে প্রশ্ন। বিভিন্ন উপন্যাসের লেখকের নাম, বিভিন্ন গ্রন্থের নাম, বিভিন্ন উপন্যাসের চরিত্রের নাম, রচয়িতা, পঙতিমালা, জন্ম-মৃত্যুকালসহ উপন্যাস, নাটক ও সাহিত্যের অন্যান্য অংশ থেকে প্রশ্ন থাকে।
ইংরেজি :বর্তমান সময়ে ইংরেজি ছাড়া পরীক্ষার কথা কল্পনাই করা যায় না। এই পরীক্ষাতেও তার ব্যতিক্রম নয়। ইংরেজির গ্রামার অংশে এমসিকিউ পরীক্ষায় গ্রামারের নানা বিষয়ে প্রশ্ন করা হয়। রচনামূলক অংশে জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়ে ইংরেজি রচনা আসতে পারে। বাংলা থেকে ইংরেজিতে অনুবাদও থাকে। সেসব বই ছাড়াও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শ্রেণির পাঠ্য ইংলিশ গ্রামার বইগুলো অনুশীলন করলে আপনার প্রস্তুতি বেশ ভালো হবে।
গণিত :অন্য বিষয়গুলোর মতো পাটিগণিত ও বীজগণিত দুই অংশ থেকেই প্রশ্ন করা হয় এমসিকিউ এবং রচনামূলক পরীক্ষায়। পাটিগণিতে লসাগু, গসাগু, শতকরা, সুদকষা, অনুপাত-সমানুপাত, ঐকিক নিয়মসহ নানা বিষয়ে প্রশ্ন করা হয়। বীজগণিতে উত্পাদক নির্ণয়, সমীকরণ, মূলদ, অমূলদ সংখ্যা, অসমতা, সূচক ও লগারিদমের সূত্রের প্রয়োগ বিষয়ে প্রশ্ন করা হয়। সব সময়েই নিচের ক্লাসের বইগুলো বেশি কাজে আসে।
সাধারণ জ্ঞান :বরাবরই সকল নিয়োগ পরীক্ষায় সাধারণ জ্ঞানকে প্রাধান্য দেওয়া হয়। বাংলাদেশ প্রসঙ্গ ও আন্তর্জাতিক বিষয়ে প্রশ্ন করা হয় সাধারণ জ্ঞান অংশে। মুক্তিযুদ্ধের ইতিহাস, ভৌগোলিক অবস্থা, ভাষা আন্দোলন, ঐতিহ্য, কৃষ্টি, সভ্যতার ইতিহাস, শিল্প ও বাণিজ্য, অর্থনীতি, কৃষি, সর্বশেষ বাজেট, জিডিপি, অর্থনৈতিক সমীক্ষা, সরকার, রাজনীতি ও বিচারব্যবস্থাসহ সাম্প্রতিক সময়ের ঘটনাবলির বিষয়ে প্রশ্ন করা হয়। আন্তর্জাতিক বিষয়ের মধ্যে রয়েছে- বিশ্ব রাজনীতি, জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা, বিভিন্ন দেশ, আন্তর্জাতিক আইন, বিচার, দিবস, সন্মেলন, পুরস্কার, সম্মাননা, খেলাধুলা ইত্যাদি।
