মারা গেছেন আরো ৩৫ জন, নতুন সংক্রমিত ২৪২৩

আপডেট : ০৪ জুন ২০২০, ২২:৪৪

এক দিনে আরো ৩৫ জনের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৮১ জন। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরো ২ হাজার ৪২৩ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ হাজার ৫৬৩ জন। নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বৃহস্পতিবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন। তিনি বলেন, সারাদেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন আরো ৫৭১ জন। সব মিলে এ পর্যন্ত মোট ১২ হাজার ১৬১ জন সুস্থ হয়ে উঠলেন।

ডা. নাসিমা সুলতানা বলেন, গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ২৯ জন পুরুষ, ছয় জন নারী। এর মধ্যে ২২ জন হাসপাতালে, ১২ জন বাড়িতে মারা গেছেন। একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল। তাদের ২১ জন ঢাকা বিভাগের, ৯ জন চট্টগ্রাম বিভাগের, দুই জন সিলেট বিভাগের, একজন খুলনা বিভাগের, একজন রাজশাহী বিভাগের এবং একজন বরিশাল বিভাগের বাসিন্দা। এই ৩৫ জনের মধ্যে একজনের বয়স ছিল ৮০ বছরের বেশি। এছাড়া দুই জনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে, ১১ জনের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে, ১৪ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, তিন জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, একজনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এবং তিন জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছিল।

বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ৫০টি পরীক্ষাগারে ১২ হাজার ৬৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ০৯ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ১৩ শতাংশ, মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ। এ পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৩ লাখ ৫৮ হাজার ২৭৭টি।

গত বুধবারের বুলেটিনে জানানো হয়, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৭ জন মারা গেছেন। ১২ হাজার ৫১০টি নমুনা পরীক্ষায় করোনার উপস্থিতি পাওয়া গেছে আরো ২ হাজার ৬৯৫ জনের দেহে। সেই হিসাবে আগের ২৪ ঘণ্টার তুলনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যুও কমেছে, শনাক্ত রোগীর সংখ্যাও কমেছে। দেশে এক দিনে সর্বোচ্চ ৪০ জনের মৃত্যুর রেকর্ড আছে। সর্বোচ্চ শনাক্তের রেকর্ড আছে ২ হাজার ৯১১ জনের। বৃহস্পতিবারের বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে আরো ৩৮৬ জনকে এবং বর্তমানে আইসোলেশনে রয়েছেন ৬ হাজার ৭৫৪ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১৩০ জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন ৩ হাজার ৬৭৪ জন। গত ২৪ ঘণ্টায় হোম ও প্রাতিষ্ঠানিক মিলিয়ে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ২ হাজার ৩৭৫ জনকে। এ পর্যন্ত কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ২ লাখ ৯৫ হাজার ১৮৮ জনকে। গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন ২ হাজার ৬৩৪ জন। এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ২ লাখ ৩৭ হাজার ৬১৯ জন। বর্তমানে হোম ও প্রাতিষ্ঠানিক মিলিয়ে কোয়ারেন্টাইনে রয়েছেন ৫৭ হাজার ৫৬৯ জন।