বহুল প্রতীক্ষিত ৩ হাজার মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্রুতই এ নিয়োগ সম্পন্ন হবে। দীর্ঘ এক যুগ পর প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সৃষ্টি হলো নতুন এসব পদ। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রস্তাব অনুমোদন করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। মেডিক্যাল টেকনোলজিস্টদের নিয়োগের এ প্রস্তাব অনুমোদন হওয়ায় স্বাস্থ্যসেবার মান উন্নত হবে এবং রোগীরা আরো ভালো ও দ্রুত সেবা পাবে।
বিভিন্ন হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য অনুমোদিত নতুন এই ৩ হাজার পদের মধ্যে ১ হাজার ২০০ জন মেডিক্যাল টেকনোলজিস্ট (গ্রেড-১১); ১ হাজার ৬৫০ জন মেডিক্যাল টেকনেশিয়ান (গ্রেড-১৬); ১৫০ জন কার্ডিওগ্রাফার (গ্রেড-১৬) নিয়োগ দেওয়া হবে। এর আগে জরুরি সেবা দেওয়ার জন্য বিভিন্ন হাসপাতাল ও প্রতিষ্ঠানে ১৮৩ জন মেডিক্যাল টেকনোলজিস্টকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়। এই ১৮৩ জনকে সৃজিত পদে সরাসরি স্থায়ী নিয়োগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। জানতে চাইলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য দিয়ে এসেছি। ২৩টি হাসপাতাল ও প্রতিষ্ঠানে ১৮৩ জন মেডিক্যাল টেকনোলজিস্ট অস্থায়ী বা মাস্টাররোলে চাকরি করছেন। যেহেতু তারা জীবনের ঝুঁকি নিয়ে করোনা মহামারির এই সময়ে কাজ করছেন, প্রয়োজনে নিয়োগবিধির শর্ত কিছুটা শিথিল করে হলেও তাদের নিয়োগ দেওয়া হবে। বাকি ২ হাজার ৮১৭ জনকে স্বাভাবিক নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে দ্রুততম সময়ে নিয়োগ দেওয়া হবে। এই ৩ হাজার মেডিক্যাল টেকনোলজিস্টের পদ সম্পূর্ণভাবে সৃজিত।’ এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেন, অনুমোদন দিয়েছে, প্রক্রিয়া চলছে, এখন লোক নেওয়া হবে।
