বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমানে পিপলস লিবারেশন আর্মি অব চায়না কর্তৃক প্রদত্ত বিভিন্ন চিকিত্সাসহায়ক সামগ্রী চীন থেকে গত বুধবার দেশে আনা হয়েছে। চীন থেকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা-সহায়ক দ্রব্যাদি সংগ্রহের জন্য ঐ দিন সকালে বাংলাদেশ বিমান বাহিনীর ১৫ জন এয়ার ক্রু চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন শান্তনু চৌধুরী দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেন। মিশন সুসম্পন্ন করার জন্য বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মো. নূর ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উল্লেখ্য, গত ১৯ এপ্রিল বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমানের মাধ্যমে করোনা ভাইরাস শনাক্তকারী কিট, ব্যক্তিগত সুরক্ষাসামগ্রীসহ (পিপিই) চিকিত্সাসহায়ক সামগ্রী চীন থেকে দেশে আনা হয়েছিল।
