হংকংয়ের জন্য চীন যে নিরাপত্তা আইন পাশ করেছে তা সমর্থন করতে শুরু করেছে বহুজাতিক ব্যাংকগুলো। মূলত হংকং এবং চীনে তাদের ব্যবসা জোরদার করতে ব্যাংকগুলো এ পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হচ্ছে। হংকং সাংহাই ব্যাংকিং করপোরেশন এবং স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক ইতিমধ্যে চীনের উদ্যোগকে সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছে।
যেসব ব্যাংক হংকংয়ে ব্যবসা পরিচালনা করে তাদের অ্যাসোসিয়েশনও একই কাতারে এসে চীনকে সমর্থন দিচ্ছে। তাদের যুক্তি হচ্ছে—নতুন নিরাপত্তা আইনের কারণে দীর্ঘমেয়াদে ব্যবসা করার পরিবেশ নিরাপদ হবে।
গত বুধবার এইচএসবিসির এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান পিটার উং চীনের নতুন আইনকে সমর্থন জানিয়ে বিবৃতি দিলে তার ব্যাপক সমালোচনা হয়। তিনি বলেন, হংকংয়ের সামাজিক নিরাপত্তার জন্য যে কোনো আইন সমর্থনযোগ্য। সমালোচনাকারীদের মতে, কোনো রাজনৈতিক ইস্যুতে ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠানের বিবৃতি দেওয়ার নজির নেই। কারণ নিরাপত্তা আইনটির কারণে হংকংয়ের স্বাধীনতা বিঘ্নিত হবে।
চীন এবং হংকং এ বড়ো ধরনের কার্যক্রম পরিচালনাকারী অপর ব্যাংক স্টান্ডার্ড চার্টার্ড এক বিবৃতিতে বলেছে, আমরা বিশ্বাস করি—নতুন নিরাপত্তা আইন হংকংয়ের অর্থনৈতিক এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে।
তবে এসবের ব্যতিক্রম হচ্ছে জাপানের ইনভেস্টমেন্ট ব্যাংক নোমুরা। ব্যাংকটির চিফ এক্সিকিউটিভ কেন্টারো ওকুডা বলেছেন, ব্যবসা করার জন্য হংকং চমত্কার জায়গা ছিল। এখন আমরা সেখানে কার্যক্রম চালাব কি না, তা নিয়ে আমাদের আলোচনা চলছে।
