আরো এক পুলিশ সদস্যের মৃত্যু

আপডেট : ০৫ জুন ২০২০, ০০:২৫

চলমান করোনায় জনগণকে সুরক্ষিত রাখতে গিয়ে প্রাণ দিলেন পুলিশের আরো এক সদস্য। মামুন উদ্দিন (২৭) নামে পুলিশের এই কনস্টেবল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) উত্তর বিভাগে কর্মরত ছিলেন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার মারা যান তিনি। এ নিয়ে ১৭ জন পুলিশ সদস্য করোনা বিরোধী যুদ্ধে মৃত্যুবরণ করলেন। এদিকে গতকাল ২৪ ঘণ্টায় ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সর্বোচ্চ ৩২৪ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। অন্যদিকে পুলিশের ২ হাজার ১২২ জন সদস্য করোনা যুদ্ধে জয়ী হয়েছেন। তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা জানান, করোনা বিরোধী যুদ্ধে মৃত্যুবরণ করা মামুনের স্ত্রী অন্তঃসত্ত্বা। মামুন উদ্দিনের বাড়ি ফেনীর পরশুরাম থানার কালিকাপুর গ্রামে। মৃত্যুকালে তিনি বাবা, মা, স্ত্রী ও এক কন্যাসন্তানসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। পুলিশের ব্যবস্থাপনায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তার মরদেহ গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এদিকে গতকাল সর্বশেষ ২৪ ঘণ্টায় পুলিশের আরো ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৩২৪ জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এটিই পুলিশ বাহিনীতে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ নিয়ে আইনশৃঙ্খলার এই বাহিনীতে মোট ৫ হাজার ৮৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার পর্যন্ত এই সংখ্যা ছিল ৫ হাজার ৫০৭। সংক্রমণের শুরু থেকে একক পেশা হিসেবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন পুলিশের সদস্যরা।

গতকাল সকালে পুলিশের আক্রান্তের বিষয়ে আপডেট করা তথ্য থেকে জানা গেছে, এর আগে গত ১৬ মে একদিনে পুলিশ বাহিনীতে সর্বোচ্চ ২৪১ জন আক্রান্ত হয়েছিলেন। পুলিশ সদর দপ্তর ও ডিএমপি সূত্রে জানা গেছে, চলমান করোনা যুদ্ধে এ পর্যন্ত মৃত্যুবরণ করা ১৭ সদস্যের মধ্যে ১৫ জন পুলিশ বাহিনীর সদস্য এবং বাকি দুই জন সিভিল কর্মকর্তা। যারা পুলিশে সংযুক্ত ছিলেন। করোনায় আক্রান্ত পুলিশের সদস্যদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১ হাজার ৭৭৭ জন সদস্য আক্রান্ত হয়েছেন।