নীতিমালা অবশ্যই অনুসরণ করতে হবে :নৌ প্রতিমন্ত্রী

আপডেট : ০৫ জুন ২০২০, ০০:২৬

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া সত্ত্বেও যাত্রীরা তা অনুসরণ না করায় স্বাস্থ্যবিধি মেনে ফেরি চলাচল সম্ভব হয়নি। এমন হতে পারে ৬০ দিন বন্ধ থাকার কারণে মানুষ অনেক বেশি তাড়াহুড়া করে যেতে চেয়েছে। এই শিমুলিয়া ঘাটের নিউজ পৃথিবীতে ব্যাপক আলোচিত হয়েছে। আমরা ফেরিগুলো চালু রেখেছিলাম বিশেষ বিশেষ কারণে। সরকারি কার্যক্রম, অ্যাম্বুলেন্স, চিকিত্সাসামগ্রী, ত্রাণসহ জরুরি প্রয়োজনে চালু রাখা হয়েছিল। কিন্তু দেখা গেছে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছিল। আমাদের যারা ছিল তারা অসহায় হয়ে পড়েন। অনেকে শারীরিকভাবে লাঞ্ছিত হন। হাজার হাজার মানুষের সে াত আমাদের পক্ষে থামানো সম্ভব ছিল না। সেই সময় লকডাউনের মধ্যে এগুলো হয়েছে। বৃহস্পতিবার বিকালে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, এই কিছুক্ষণ আগেও লঞ্চ, স্পিডবোট ঘাটে আমি দেখলাম যাত্রীরা কেউ নিয়ম মানছে, কেউ মানার চেষ্টা করছে আবার কেউ মানছে না। প্রশাসনকে এ ব্যাপারে বলা হয়েছে, মোবাইল কোর্টসহ যথাযথ ব্যবস্থা নিতে। আমরা একটি নীতিমালা করে দিয়েছি, সে নীতিমালা অবশ্যই অনুসরণ করতে হবে।