বিশ্বকাপ ব্যর্থতা
স্পোর্টস রিপোর্টার
বছরের শুরুতে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত আইসিসি নারী টি-২০ বিশ্বকাপে ভরাডুবি হয়েছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের। আগের দুই আসরের মতো এবারও শূন্য হাতে ফিরেছে সালমা খাতুনের দল। বিশ্বকাপে বিপর্যস্ত পারফরম্যান্সের কোপটা পড়তে যাচ্ছে কোচিং স্টাফদের ওপর। একেবারে খোলনলচে বদলে ফেলা হচ্ছে নারী দলের কোচিং সেটআপ। পুরোনো কাউকেই রাখা হচ্ছে না।
হেড কোচ আঞ্জু জেইন, সহকারী কোচ দেবীকা পালশিখর, ট্রেনার আনজু দালবির সঙ্গে আর চুক্তি নবায়ন করছে না বিসিবি। গত মার্চে তাদের সঙ্গে বিসিবির চুক্তি শেষ হয়েছে। ২০১৮ সালে নারী দলের সঙ্গে যুক্ত হয়েছিল অল-ভারতীয় কোচিং লাইন। তাদের অধীনে ঐ বছরই মালয়েশিয়ার মাটিতে ভারতকে হারিয়ে এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ নারী দল। গড়েছিল ইতিহাস। যা এখনও পারেনি পুরুষ দল।
সালমা-রুমানাদের জন্য নতুন হেড কোচ খুঁজছে বিসিবি। গতকাল জানতে চাইলে বিসিবি উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, আমরা নতুন কোচ খুঁজছি।
টি-২০ বিশ্বকাপে কাজ করা কোচদের কাউকেই রাখবে না বিসিবি। বিসিবির এই পরিচালক বলেন, আমরা পুরো নতুন সেটআপই খুঁজছি।
বিসিবি চুক্তি নবায়ন করবে না তা হয়তো বুঝে গিয়েছিলেন নারী দলের সদ্য সাবেক হেড কোচ আঞ্জু জেইন। তাছাড়া বিশ্বকাপে অধিনায়কের সঙ্গে মনোমালিন্য, দলে গ্রুপিং তৈরিতে তার ভূমিকার কথা বের হয়েছিল গণমাধ্যমে। আঞ্জু জেইনও দ্রুতই নিজের পরবর্তী গন্তব্য খুঁজে নিয়েছেন। ভারতের বারোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের নারী দলের হেড কোচ হিসেবে যোগ দিয়েছেন তিনি।
