স্বাগতিকের প্রস্তাবে বসুন্ধরার না

আপডেট : ০৫ জুন ২০২০, ২০:১৯

এএফসি কাপের খেলা অক্টোবরে নিরপেক্ষ ভেন্যুতে

সোহেল সারোয়ার চঞ্চল

অবশেষে একটা দিকনির্দেশনা পেতে যাচ্ছে বসুন্ধরা কিংস। এতদিন এএফসি কাপ ফুটবল নিয়ে দুশ্চিন্তায় থাকা বসুন্ধরা কিংস গাঝাড়া দিয়ে উঠছে। এএফসি কাপের খেলা আগামী ২৩ অক্টোবর হবে এমন একটা প্রাথমিক আশ্বাসও পেয়েছে বসুন্ধরা। এই আশ্বাসের ওপর ভর করে বসুন্ধরা কিংস এবার নিজেদের দল গোছানার কাজ শুরু করবে।

করোনা ভাইরাসের কারণে এএফসি কাপের খেলাও বন্ধ ছিল। কবে হবে আদৌ হবে কি হবে না কে জানে। সেই দুশ্চিন্তায় অন্ধকারে বসে ছিল বড়ো বাজেটের দল প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। অবশেষে গতকাল দুপুরে দক্ষিণ এশিয়ান ভারত, মালদ্বীপ এবং বাংলাদেশের ক্লাবের সঙ্গে এএফসি ভার্চুয়াল বৈঠক করে। সেখানে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা ছিল কবে শুরু হবে এএফসি কাপের বাকি খেলা। এএফসি হতে দুটি প্রস্তাব দেওয়া হয়েছিল, প্রথমটি হচ্ছে ২৩ সেপ্টেম্বর হতে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলা হতে পারে। আর দ্বিতীয়টি হচ্ছে ২৩ অক্টোবর এক ভেন্যুতে সব খেলা হবে। বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান দ্বিতীয় প্রস্তাবটি গ্রহণ করেছেন। কারণ আকাশ পথের যাওয়া-আসা, করোনা ভাইরাসের কারণে কোনো দেশের জন্যই ঝুঁকি নেওয়া ঠিক হবে না। অন্যান্য দেশও বসুন্ধরার পক্ষে মত দিয়েছে। তবে এএফসি একমত হলেও তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। বাফুফে সূত্রে জানা গেছে নিরপেক্ষ ভেন্যু হতে পারে মালয়েশিয়া। সব দেশ একমত। অনেকে ভারতে যেতে চায় না কারণ বিদেশি ফুটবলারদের ভিসা সমস্যা হয়।

বসুন্ধরার আরেকটি গুরুত্বপূর্ণ দাবি ছিল বিদেশি খেলোয়াড়দের চুক্তি শেষ হয়ে যাবে। নতুন রেজিস্ট্রেশন নিয়ে সব দেশেরই একটা বড়ো দুশ্চিন্তা ছিল। সেই দাবি মেনে নিয়েছে এএফসি। অক্টোবরে খেলার আগে বিদেশি ক্লাবগুলোর বিদেশি খেলোয়াড়দের রেজিস্ট্রেশনের একটা সুযোগ দেবে। নির্দিষ্ট একটা সময়ে উইনডো খোলার ব্যবস্থাও করবে। ভারত এবং মালদ্বীপের ক্লাবও খুশি হয়েছে বসুন্ধরার সাংগঠনিক তত্পরতায়।

‘আমাদের চাওয়া ছিল বিদেশি ফুটবলারদের উইনডো চালুর বিষয়ে। আমরা সেটা নিতে পারছি বলে মনে হচ্ছে’—বলছিলেন ইমরুল হাসান। তিনি বলেন, ‘সবকিছু জুনের মধ্যে আমাদেরকে জানিয়ে দেবে এএফসি। এখন আমরা একটা নিঃশ্বাস ফেলতে পারছি। এখন নতুন করে সবকিছু করব। আমাদের দলে মেসির সতীর্থ বারকোস থাকবে, তবে বিদেশি তালিকায় দুই-একটা পরিবর্তন হতেও পারে।’

এএফসি প্রস্তাব দিয়েছিল বসুন্ধরা কিংস এএফসি কাপের ভেন্যু নিতে চায় কি না। এত বড়ো প্রস্তাবটি অন্য কোনো ক্লাব লুফে নেবে। কিন্তু এএফসির প্রস্তাবে বসুন্ধরা কিংস প্রলোভিত হয়নি। ইমরুল হাসান বলেন, ‘আমাদেরকে ভেন্যু নিতে বলেছিল। আমরা নেব না।’

এএফসির খেলায় পাঁচ জন ফুটবলার পরিবর্তন করার নিয়ম প্রয়োগ হবে এএফসি কাপে।