এবার প্রিমিয়ার লিগেও পাঁচ বদলি

আপডেট : ০৫ জুন ২০২০, ২০:২০

স্পোর্টস ডেস্ক

বুন্ডেসলিগা, লা লিগার পর এবার প্রিমিয়ার লিগও পাঁচ জন বদলির ব্যাপারে দলগুলোকে অনুমতি দিয়েছে। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে লিগ কর্তৃপক্ষ।

করোনা ভাইরাসের কারণে লম্বা বিরতির পর ফুটবল মৌসুম শুরু হলে খেলতে হবে ঠাসা সূচিতে। ফলে ফুটবলারদের চোট বাড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। চোটের শঙ্কা কমাতেই মূলত বদলি বাড়ানোর ভাবনার সৃষ্টি। বদলি খেলোয়াড় সংখ্যা তিন থেকে বাড়িয়ে পাঁচ জন করার জন্য ফিফার প্রস্তাব গেল মাসের শুরুতে অনুমোদিত হয় ফুটবলের নিয়ম তৈরির সংগঠন আইএফএবির কাছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত লিগগুলোর ওপরই ছেড়ে দিয়েছিল তারা।

বৃহস্পতিবার প্রিমিয়ার লিগ এই সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি প্রতি ম্যাচে বেঞ্চে থাকা বদলি খেলোয়াড়ের সংখ্যাও বাড়ানোর ব্যাপারে অনুমতি দেয়। নতুন নিয়মানুসারে প্রতিটি দল নয় জন বদলি খেলোয়াড়ের নাম দিতে পারবে, আগে যা ছিল সাত জন।