ইউরো ফুটবলের আসর এক বছর পিছিয়ে যাওয়ায় সুবিধা হয়েছে ইতালির, মনে করছেন দলের কোচ রবার্তো মানচিনি। এক বছরে দল আরো অভিজ্ঞ হয়ে উঠবে বলে মনে করেন এই ইতালিয়ান। করোনা ভাইরাস প্রকোপের আগে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ইতালির প্রস্তুতির সময় চোটে পড়েন মিডফিল্ডার নিকোলো জানিওলো ও জর্জো কিয়েলিনি। এরই মধ্যে সেরে উঠেছেন কিয়েলিনি। একই পথে আছেন নিকোলো। গ্যাজ্জেট্টা দেল্লো স্পোর্টকে দেওয়া এক সাক্ষাত্কারে মানচিনি বলেন, ‘ইউরোপািয়ান চ্যাম্পিয়নশিপের জন্য ছেলেরা আরো অভিজ্ঞ হয়ে উঠবে, যদিও অল্প সময়ের মধ্যে তাদের খেলতে হবে অনেক ম্যাচ। তাদের শারীরিক অবস্থার প্রতি আমাদের গভীর মনোযোগ দিতে হবে। আমি ছেলেদের কাছ থেকে শুনেছি, তারা সবাই খেলায় ফেরতে চায়।’
