থাকবে না পিঠের চামও

আপডেট : ০৫ জুন ২০২০, ২১:৩৭

এই সময়ের ছড়া 

মিয়া মনসফ

 

করোনা তুমি দাঁড়াও তো দেখি প্রশ্ন করি কিছু তোমাকে,

পরাভূত করেছ পৃথিবীর যত পারমাণবিক বোমাকে।

তোমার শক্তি ঠেকাতে এ ভবে নেই কোনো বড়ো শক্তি,

তুমি সর্বেসর্বা তাবত্ দুনিয়ায় মিছে নয় এক রত্তি।

তুমি ছুটেছ পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণেই,

তোমার পথ চলায় মোটেও কোনো ঝামেলা ও ঝক্কি নেই।

তুমি মহা শক্তিধর তুমি অসীম সাহসী প্রমাণিত সত্য,

আজো খুঁজে পাইনি আমরা তোমার সঠিক কোনো তথ্য।

কিন্তু করোনা বলো তো দেখি পৃথিবীর মানুষের দোষ কী

হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছ মানুষের ওপর তোমার রোষ কী?

উহানে তোমার জন্ম জানি, ইউরোপের দেশ মাড়িয়ে,

এখন তুমি উল্লাসে মেতেছ আমেরিকার মাটিতে দাঁড়িয়ে।

তোমার দংশনে রথি মহারথি কেউ পায়নি তো রক্ষা,

কত শত জনের সামনে প্রিয়জন পেয়েছে অক্কা।

ছোট্ট শিশুটি কেঁদে কেঁদে বলে মাগো তুমি আমাকে ধরো,

মা বলে বাবা বাঁচতে যদি চাও, আমার কাছ থেকে সরো।

শিশুটির তবু কান্না থামে না কাঁদে ডাক্তার ও নার্সে,

ক্ষণিকের তরে শিশুটি ঘুমায় মৃত্যুযাত্রী মায়ের পার্শ্বে।

সারা পৃথিবী জানে এ ঘটনা ঘটিল মৃতপুরী ইটালিতে,

করোনা তোমার শাস্তি কী বলো এ মৃত্যুর বিপরীতে।

তোমার ভয়ে তটস্থ গরিব ধনী ও রাজা-মহারাজা,

বলো ভাই কেন তুমি মানুষজাতিকে দিচ্ছ এত সাজা?

পরাক্রমশালী তুমি, তুমি শক্তিধর কেন তুমি অদৃশ্য,

দৃশ্যমান না হলে মোকাবিলা কিভাবে করবে এই বিশ্ব।

ইউরোপের পরে মৃত্যুর মিছিল আমেরিকা এখন শীর্ষে,

মৃত্যুপুরী বানিয়ে করোনা এশিয়ার দিকে ফিরছে।

বাংলাদেশ তো সমুদ্রের কিনারে পাহাড় বেষ্টিত দেশ,

বীর বাঙালি সাহসী জাতি করোনাকে করবেই নিঃশেষ।

করোনা তোমাকে শোনাতে চাই আমি একটি অমরবাণী—

বুঝতে বাকি নেই সোজা আঙ্গুলে ঘি উঠবে না তা জানি।

অনেক হয়েছে দয়া করে এবার করোনা তুমি থামো,

টিকা আবিষ্কার হলে পরে তোমার থাকবে না পিঠের চামও।