মেয়েটি ক্যাথলিক, ছেলেটি ইহুদি। বিয়ের প্রশ্ন উঠতেই গোলমাল বাধল। ছেলেটিও ধর্ম ছাড়বে না, আর মেয়ের বাবা-মা গোঁড়া ক্যাথলিক। তারা ভাবতেই পারে না যে তাদের মেয়ে সম্প্রদায়ের বাইরে বিয়ে করতে পারে। মেয়েটি কান্নাকাটি করায় মেয়ের বাবা-মা গেলেন চার্চের বিশপের কাছে পরামর্শ নিতে। বিশপ বললেন, ছেলেটিকে ভালো করে আমাদের ধর্মের কথা বোঝান। ক্যাথলিক ধর্ম সম্পর্কে ছেলেটিকে আগ্রহী করে তুলুন। তাই করা হলো, মেয়েটি আর তার বাবা-মা সবাই মিলে যখনই সুযোগ পায় ইহুদি যুবকটিকে গির্জা ও পোপের মাহাত্ম্য, মা মেরির উপাখ্যান এইসব বলে। তারপরে যা ঘটল, সে হলো ভয়াবহ। একদিন মেয়ের মা-বাবা দেখলেন তাদের মেয়ে অঝোর নয়নে কাঁদছে। তাঁরা অবাক হয়ে জানতে চাইলেন, কী হয়েছে?
মেয়েটি চোখ মুছে বলল, ও আমাকে ছেড়ে চলে গেল।
মা-বাবা একসঙ্গে আঁতকে উঠলেন, সে কী? কোথায় চলে গেল?
মেয়েটি আবার কাঁদতে কাঁদতে বলল, ও জন্মের মতো সংসার ছেড়ে চলে গেল। সব শুনে ও আমাদের ধর্মের এত ভক্ত হয়েছে যে, ও ক্যাথলিক সন্ন্যাসী হয়ে গেছে।
