হবিগঞ্জে দুই চেয়ারম্যান, এক মেম্বার সাময়িক বরখাস্ত

আপডেট : ০৫ জুন ২০২০, ২১:৪১

হবিগঞ্জ প্রতিনিধি

ত্রাণ বিতরণে ও প্রধানমন্ত্রীর আড়াই হাজার টাকা সহায়তা প্রদানে সুবিধাভোগীদের নামের তালিকায় অনিয়ম ও দুর্নীতির দায়ে হবিগঞ্জ জেলার দুই জন চেয়ারম্যান, এক জন মেম্বার সাময়িক বরখাস্ত হয়েছেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং  জেলা প্রশাসনের কাছ থেকে প্রাপ্ত তথ্যে এ খবর পাওয়া গেছে। তারা সকলেই সরকারি দলের রাজনীতিতে জড়িত।

লাখাই উপজেলার  মুড়িয়াউক ইউনিয়নের চেয়ারম্যান রফিকুর ইসলাম মলাই সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ: সরকারি নিয়মনীতির ব্যত্যয় ঘটিয়ে প্রধানমন্ত্রীর প্রদত্ত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ সহায়তা কর্মসূচির সুবিধাভোগীদের তালিকা প্রণয়নে অনিয়ম ও স্বজনপ্রীতি করেছেন। ৪ জুন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, চেয়ারম্যানের এই অপরাধ ইউনিয়ন পরিষদে তার ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিতে সমীচীন নয় বলে সরকার মনে করে। তিনি ঐ ইউনিয়নের সাবেক যুবদলের সভাপতি। বর্তমানে আওয়ামী লীগ রাজনীতিতে জড়িত। 

একই দিনে হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউপির ৯ নম্বর ওয়ার্ড সদস্য শফিউল ইসলাম তসকিরকে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ১০ টাকা কেজির চাল আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাময়িক বরখাস্ত হয়েছেন। এর আগে শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মুখলিছ মিয়া ত্রাণ ও ভিজিডির চাল আত্মসাতের জন্য সাময়িক বরখাস্ত করা হয়। মুখলিছ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ছাত্রলীগ সভাপতি ও  হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহপ্রচার সম্পাদক।

এছাড়া নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা যুবলীগের সভাপতি আলী আহমেদ মুসাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিনি খাদ্য গুদাম থেকে ভিজিডির চাল উত্তোলন করে যথাসময়ে তা সুবিধাভোগীর মাঝে বিতরণ করেননি। এছাড়া ভিজিডির সঞ্চয়ের অর্থ ব্যাংকে যথাসময়ে জমা রাখেননি বলে তার বিরুদ্ধে অভিযোগ।