ইত্তেফাক রিপোর্ট
সাভার ও আশুলিয়ার সব বন্ধ কারখানা চালু ও শ্রমিক ছাঁটাই বন্ধ করে বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে ছাঁটাই নির্যাতনের শিকার শ্রমিক ও শ্রমিক সংগঠনগুলো। গতকাল শুক্রবার সকালে সাভার বাজার বাসস্ট্যান্ডে ধসে পড়া রানা প্লাজার সামনে স্বাস্থ্যবিধি মেনে এ মানববন্ধন করেন তারা।
মানববন্ধন থেকে শ্রমিকরা জানান, করোনাকে পু?ঁজি করে অনেক পোশাক কারখানার মালিক বিনা কারণে অন্যায়ভাবে শ্রমিকদের ছাঁটাই করছে। সাভারের কম্বাইন টেক্স লিমিটেড ও বেঙ্গল ফাইন নীট নামের দুটি কারখানায় শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করেনি মালিকপক্ষ। এছাড়া আশুলিয়ার মেডলার অ্যাপারেলস লি., ভিনটেজ গার্মেন্টস ও সাভারের ভিশন গার্মেন্টসে কোনো পাওনা পরিশোধ না করেই প্রায় ৫ শতাধিক শ্রমিক ছাঁটাই করা হয়েছে।
মানববন্ধনে টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তপন সাহা,গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৌমিত্র কুমার দাশ, সাভার আশুলিয়া ধামরাই আঞ্চলিক কমিটির সভাপতি শাহ্ আলম, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সাভার থানা কমিটির সভাপতি মো. কবির হোসেন মনিরসহ শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
