জাতিসংঘের পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড পেল ভূমি মন্ত্রণালয়

আপডেট : ০৫ জুন ২০২০, ২১:৫৮

ইত্তেফাক রিপোর্ট

মর্যাদাপূর্ণ ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড-২০২০ জয় করেছে বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমাকে একটি চিঠির মাধ্যমে এ পুরস্কারের জয়ের কথা জানিয়েছেন জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিকবিষয়ক বিভাগের (ডেসা) আন্ডার সেক্রেটারি-জেনারেল লিউ ঝেনমিন। ‘ই-মিউটেশন’ উদ্যোগ বাস্তবায়নের স্বীকৃতি স্বরূপ ‘স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকারি প্রতিষ্ঠানের বিকাশ’ ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ড পেয়েছে ভূমি মন্ত্রণালয়।

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চিঠিতে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল উল্লেখ করেন, জনস্বার্থে সেবার ক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়ের অসামান্য অর্জন শ্রেষ্ঠত্বের দাবিদার। আমার দৃঢ় বিশ্বাস, ভূমি মন্ত্রণালয়ের এই উদ্যোগ আপনার দেশে জনপ্রশাসনের উন্নয়নে তাত্পর্যপূর্ণ অবদান রেখেছে। প্রকৃতপক্ষে, এই কাজ জনসেবায় ব্রতী হতে অন্যদের অনুপ্রেরণা ও উত্সাহ জোগাবে।

ভূমি মন্ত্রণালয়ের এ পুরস্কার জয়ের চিঠি পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় রাষ্ট্রদূত ফাতিমা বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের এ ধরনের সাফল্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মাণের দূরদর্শী উদ্যোগেরই ফসল।