গতবছরটা চিত্রনায়িকা ববির জন্য চ্যালেঞ্জিং একটা বছর ছিল। নিজের প্রযোজিত সিনেমা বিজলী মুক্তি পায় গতবছর। এছাড়া ঈদুল আজহায় মাত্র একটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল বেপরোয়া। এ ছবির মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন রোশান ও ববি। পরিচালনা করেছেন কলকাতার সুপারহিট নির্মাতা রাজা চন্দ। দুটি চলচ্চিত্রের কোনোটিতেই ব্যবসায়িক সাফল্য আসেনি।
আশার কথা হলো, ববি অভিনীত নোলক ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছবিতে তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন। বছরের প্রথমদিন চলচ্চিত্রটির নতুন পোস্টার প্রকাশ করে দর্শকদের আবারো মনে করিয়ে দিলেন সেটা। এছাড়া মাত্র একটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া বেপরোয়া নতুন করে সারাদেশে মুক্তি দেওয়ার সম্ভবনা রয়েছে এ বছর।
ববি বলেন, ‘২০১৯ আমার জন্য বেশ চ্যালেঞ্জিং একটা বছর। বছরে আমার প্রথমে চলচ্চিত্র নোলক। ছবিটি নিয়ে আমি দারুণ আশাবাদী। এছাড়া বেশ কয়েকটি গল্প রয়েছে হাতে। বেছে বেছে কাজ করবো।’
গত পূজায় মুক্তির কথা থাকলেও পরিচালক সমস্যা ও শিডিউল জটিলতায় পিছিয়ে গেছে শাকিব খান-ববি অভিনীত ছবি নোলক। তবে প্রযোজক সাকিব সনেট জানান, ভালোবাসা দিবসে নোলক মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ছবিটি প্রথমে রাশেদ রাহা পরিচালনা শুরু করলেও নানা জটিলতা কাটিয়ে ছবির কাজ শেষ করেন ছবির প্রযোজক সাকিব সনেট।
