ঢাবি অধ্যাপক গোলাম রহমানের পুরো পরিবার করোনা ভাইরাস আক্রান্ত

আপডেট : ০৫ জুন ২০২০, ২২:১৫

সাবেক প্রধান তথ্য কমিশনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক গোলাম রহমান এবং তার স্ত্রী, ছেলেসহ পরিবারের পাঁচ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে তার পুত্রবধূ ও গৃহকর্মীও রয়েছেন বলে তিনি নিশ্চিত করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপনা ছাড়া তিনি বাংলাদেশ সরকারের তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার ও  বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন।

গুলশানের নিকেতনে পরিবারসহ বসবাস করেন অধ্যাপক গোলাম রহমান। গত ২৯ মে প্রথমে তার স্ত্রী নাইম আরা হোসাইনের করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ে। পরে পরিবারের অন্য সদস্যদের পরীক্ষা করালে অধ্যাপক রহমানসহ পরিবারের আরো চার জনের করোনা ভাইরাস পজিটিভ রিপোর্ট আসে। আক্রান্তদের মধ্যে নাইম আরা হোসাইনের শারীরিক অবস্থা ‘ভালো নয়’। তাকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজ্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাকে প্লাজমা থেরাপি দেওয়ার প্রক্রিয়া চলছে বলে অধ্যাপক গোলাম রহমান জানিয়েছেন।

অধ্যাপক রহমান জানান, পরিবারের পাঁচ জনের করোনা ভাইরাস পজিটিভ। এর মধ্যে চার জন বাসায় আইসোলেশনে থেকে চিকিত্সা নিচ্ছে। এ চার জনের স্বাস্থ্যের অবস্থা মোটামুটি ভালো। তবে তার স্ত্রী হাসপাতালে ভর্তি আছে। তাকে প্লাজমা থেরাপি দেওয়ার চেষ্টা চলছে।