আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় এবং অর্ধেক আসনের বেশি যাত্রী তোলার যে অভিযোগ পাওয়া যাচ্ছে তা সংশ্লিষ্টদের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল। গতকাল শুক্রবার সকালে মন্ত্রী তার সরকারি বাসভবন থেকে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটি কর্তৃক অনলাইনে কোভিড-১৯ বিষয়ক স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে এ কথা বলেন।
তিনি আরো বলেন, উন্নত বিশ্বের দেশগুলো অর্থনীতির শক্ত ভীত এবং স্বাস্থ্যখাতের সক্ষমতা নিয়েও করোনা ব্যবস্থাপনা ও চিকিত্সায় হিমশিম খাচ্ছে। সবাইকে মনে সাহস রাখতে হবে। আক্রান্ত হলে চিকিত্সার পাশাপাশি মনোবল ধরে রাখতে হবে।
বিজ্ঞান ও প্রযুক্তি উপকমিটির এ প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে ঝুঁকিমুক্তভাবে কাজকর্ম চালিয়ে যাওয়ার পাশাপাশি সমাজের প্রান্তিক জনগোষ্ঠীকেও স্বেচ্ছাসেবীরা প্রশিক্ষণ দিতে পারবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, শেখ হাসিনা আমাদের আশার বাতিঘর। তিনি সবার পাশে আছেন। তার হাতকে শক্তিশালী করতে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের সামাজিক দূরত্ব বজায় রেখে সমন্বয়ের মাধ্যমে মানুষের পাশে থাকার আহ্বান জানান। বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটির আহ্বায়ক অধ্যাপক হোসেন মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আব্দুস সবুরসহ উপকমিটির নেতৃবৃন্দ। উল্লেখ্য, দেশের স্বনামধন্য চিকিত্সকগণ ও অভিজ্ঞ প্রশিক্ষকবৃন্দ এ কোর্সে প্রশিক্ষণ দিচ্ছেন। ১০০ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন চার দিনের এ প্রশিক্ষণে।
