পাবনায় একই পরিবারের তিন জনকে কুপিয়ে হত্যা

আপডেট : ০৫ জুন ২০২০, ২২:২০

পাবনায় বাসায় ঢুকে একই পরিবারের তিন জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া দীঘিনালায় এক আওয়ামী লীগ নেতা খুন হয়েছেন। বৃহস্পতিবার বিকাল থেকে গতকাল শুকবার পর্যন্ত এসব ঘটনা ঘটে।

পাবনা প্রতিনিধি জানান, মধ্য শহরের পৌর এলাকার দিলালপুর মহল্লায় বাসায় ঢুকে একই পরিবারের তিন সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল ঐ বাড়ি থেকে বাবা-মা ও মেয়েসহ তিন জনের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল জব্বার (৬৪), তার স্ত্রী ছুম্মা খাতুন (৫০) ও মেয়ে সানজিদা খাতুন (১৪)। ডাকাতরা পরিবারের সবাইকে কুপিয়ে হত্যা করে বাড়ির মালামাল লুটে নেয় বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম জানান, কয়েক দিন এই বাসা থেকে কেউ বাইরে বের না হওয়ায় এলাকাবাসীর সন্দেহ হয়। গতকাল তারা জানালা দিয়ে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানান। গত রবি অথবা সোমবার এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

দীঘিনালা (খাগড়াছড়ি) সংবাদদাতা জানান, উপজেলার মেরুং-এ মরিয়ম বেগম (৫৮) নামে দৃষ্টি প্রতিবন্ধী এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল তার নিজ বসতঘর থেকে মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, মরিয়ম বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অর্থ ও রেশন কার্ড সংক্রান্ত বিরোধের জেরে ঐ নারীকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।