রুবানা হকের বক্তব্য রাজনৈতিক দুরভিসন্ধি ও উসকানিমূলক :জাসদ

আপডেট : ০৫ জুন ২০২০, ২২:২২

বিজিএমইএর সভাপতি রুবানা হক পোশাক কর্মীদের ছাঁটাইয়ের যে কথা বলেছেন সেটিকে ‘রাজনৈতিক দুরভিসন্ধিমূলক ও উসকানিমূলক’ বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার। গতকাল শুক্রবার এক যৌথ বিবৃতিতে তারা এ মন্তব্য করেন।

বিবৃতিতে ইনু-শিরীন বলেন, বৈশ্বিক ও জাতীয় দুর্যোগের মধ্যে কীভাবে শিল্প কল-কারখানা চলবে, শ্রমিকদের চাকরি ও জীবিকা রক্ষা হবে তা নিয়ে দেশে সরকারসহ অর্থনীতিবিদদের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থা এবং সম্প্রদায়ও সচেতন আছেন, ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন। সরকার শ্রমিকদের বেতনের জন্য ৫০০০ কোটি টাকা প্রণোদনা দিয়েছে। ইইউ ৪৯০০ কোটি টাকা অনুদান দিয়েছে। বাতিল হওয়া রপ্তানি কার্যাদেশ বৈদেশিক ক্রেতারা পুনর্বহাল করেছে। এরকম পরিস্থিতিতে রুবানা হকের অসত্য বক্তব্য দিয়ে শ্রমিক ছাঁটাইয়ের হুমকি দেওয়া পরিস্থিতি ঘোলাটে করার রাজনৈতিক দুরভিসন্ধি ও উসকানি ছাড়া আর কিছুই না।